ধূমকেতু প্রতিবেদক : ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের রজনীকান্ত মঞ্চে স্বাধীনতা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে ৬ জন শহিদের অম্লান স্মৃতি অবলম্বনে নির্মিত হতে যাওয়া প্রামাণ্য চলচ্চিত্র ‘প্রাণন’-এর শুভ মহরত অনুষ্ঠিত হয়। রাজশাহী কলেজ বরাবরই বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে থাকে।
গতকাল এরই ধারাবাহিকতায় রাজশাহী কলেজ প্রশাসনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে স্বল্প দৈর্ঘ্যরে চলচ্চিত্র ‘প্রাণন’। এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শুভ মহরতের আনুষ্ঠানিকতা শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক, উপাধ্যক্ষ প্রফেসর মোহা: ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার, কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, শহিদ পরিবারের সদস্যবৃন্দ, চলচ্চিত্রটির তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, চিত্রনাট্য পরিচালক শাহারিয়ার চয়ন ও কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার ও সাংবাদিকবৃন্দ।
প্রফেসর আব্দুল খালেক বলেন, ভাষা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলনসহ যে কোনো স্বাধীকার আন্দোলনে রাজশাহী কলেজের সম্পৃক্ততা ও অবদান অবিস্মরণীয়।
তিনি মহান মুক্তিযুদ্ধে নিহত অত্র কলেজের গণিত বিভাগের অধ্যাপক জনাব ফজলুল হক ও বিভিন্ন বিভাগের পাঁচজন শিক্ষার্থীর আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, শহিদদের স্মৃতির উদ্দেশ্যে ‘প্রাণন’ চলচ্চিত্রটি নির্মাণে কলেজের একটি বিশেষ দায়বদ্ধতা রয়েছে। তিনি কলাকুশলীদের সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে চলচ্চিত্রটি নির্মাণের অনুরোধ জানান এবং এর সার্বিক সাফল্য কামনা করেন। এরপর তিনি শহিদ পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।
অধ্যক্ষ অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য অতিথিবৃন্দ, শিক্ষক কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীদের কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। সবশেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


