ধূমকেতু প্রতিবেদক : নিজের টাকা খরচ করে অন্যের উপকার করা লোকের সংখ্যা বর্তমান সমাজে বিরল। কিন্তু বিরল এই কাজটিই করছেন রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী কামিনি গঙ্গারামপুরের নুরিয়া খাতুন। তিনি এলাকার অসহায় দুঃস্থ নারীদের সহায়তায় নিজের টাকা খরচ করে উপকার করা যার নেশা। এলাকার অনেক অসহায় দুঃস্থ নারী যারা স্বামী সংসারে নির্যাতনের শিকার হন, বিচার পান না তাদের সহায়তায় সবার আগে এগিয়ে আসেন। বিচার সালিশের ব্যবস্থা করেন। এতে কাজ না হলে রাজশাহী সদরে আদলতে নিয়ে এসে জেলা লিগ্যাল এইডের আইনী সেবা পাইয়ে দেয়ার ব্যবস্থা করেন। আর এসব কাজে যা খরচ হয় তা নিজের থেকেই করেন। এ জন্য তিনি এলাকায় পরোপকারী নারী হিসেবে পরিচিতি পেয়েছেন। আর এসব কাজ করার জন্য তিনি খান ফাউন্ডেশনের অপরাজিতা নারী উন্নয়ন প্রকল্পের বিভিন্ন অনুপ্রেরণামূলক কাজের কথা উল্লেখ করেন।
নুরিয়া খাতুন চারঘাট উপজেলার পরানপুর তালবাড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবুল কাশেম প্রামানিক। ১৯ বছর বয়সে একই উপজেলার নন্দনগাছী কামিনি গঙ্গারামপুরের আওয়াল গাজীর সাথে তাঁর বিয়ে হয়। বিয়ের পর নিজের অদম্য ইচ্ছা আর স্বামীর অনুপ্রেরণায় তিনি এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় বিএ ক্লাশে পড়াশোনাও করছেন। তার রয়েছে এক মেয়ে ও এক ছেলে। মেয়ে এ বছর এইচএসসি পরীক্ষার্থী আর ছেলে দশম শ্রেণির ছাত্র।
জন্মসূত্রে রাজনৈতিক পরিবারের মেয়ে নুরিয়া খাতুন বিয়ে হয়ে তাঁর স্বামীর বাড়ি আসার পরে সক্রিয়ভাবে রাজনীতিতে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি চারঘাট উপজেলা যুব মহিলা লীগের সদস্য এবং ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক। অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের রাজশাহী জেলা অপরাজিতা নেটওয়ার্কের সাংগঠনিক সম্পাদক। নুরিয়া খাতুন বিয়ের পর থেকেই এলাকার অসহায় নারীদের নিয়ে কাজ করতেন। এরই মধ্যে কোন এক সূত্রের মাধ্যমে ২০১৯ সালে তাঁর যোগাযোগ হয় খান ফাউন্ডেশন পরিচালিত অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সাথে। এরপর তাঁর জীবনের গতি পরিবর্তিত হতে থাকে। এই প্রকল্পের মাধ্যমে তিনি নারী নেতৃত্ব বিষয়ে, নারীনেত্রী হিসেবে দায়িত্ব-কর্তব্য সম্পর্কে জানতে পারেন, বিভিন্ন সেবাখাত পরিবিক্ষণ বিষয়ে, এডভোকেসী ও নেটওয়ার্কিং বিষয়ে, নারী প্রতিনিধিদের দায়িত্ব কর্তব্যসহ নানা ধরনের প্রশিক্ষণ গ্রহণ করেন।
এছাড়া তিনি অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বিভিন্ন ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন। এগুলোর মধ্যে রয়েছে সরকারি-বেসরকারি সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা, সকল রাজনৈতিক দলে মূল কমিটিতে ৩৩% নারী সদস্য অর্ন্তভূক্তকরণ বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা, নির্বাচন সংক্রান্ত, গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে, বিভিন্ন কমিউনিটি বিষয়ে ওরিয়েন্টেশন। এছাড়া তিনি খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বিভিন্ন সভা সেমিনার উঠান বৈঠকে অংশগ্রহণ করেন এবং তিনি নিজেও অনেক উঠান বৈঠকের আয়োজন করেন যেখানে তিনি নারী-শিশু নির্যাতন, নারী অধিকার, সরকারি বিভিন্ন হটলিংক নম্বরগুলোর ব্যবহার প্রভৃতি বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন। এগুলোর মাধ্যমে তাঁর জীবনের মোড় ঘুরে যায়। তিনি আর সব নারীর চেয়ে সাহসী হয়ে ওঠেন।
তিনি সমাজের অসহায় নারীদের নিয়ে আরো কাজ করার অনুপ্রেরণা পান। তিনি এ পর্যন্ত প্রায় ২০ জনারও অধিক নারীকে পারিবারিক ভাবে নির্যাতনের শিকার হয়ে সমাজে বিচার না পাওয়া নারীকে আলাদতে লিগ্যাল এইডে আইনী সেবা পাইয়ে দেয়ার ব্যবস্থা করেছেন। ব্লাস্টের মাধ্যমে ৩জন নারীকে এবং উকিলের মাধ্যমে আদালতে প্রায় ৫০ জনের অধিক নারীকে মামলা করার জন্য সহায়তা করেছেন বলে জানান। এসব কাজ করতে আর্থিক যা খরচ হয় তিনি নিজের থেকে করেন বলে জানান।
এ ব্যাপারে তিনি বলেন, আগামীতে নিমপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে সরাসরি চেয়ারম্যান পদে লড়াই করতে চাই। কারণ সমাজের দুঃস্থ অসহায় ও পিছিয়ে পড়া নারীদের উন্নয়ন করতে হলে টাকা ও ক্ষমতা দরকার। চেয়ারম্যান হতে পারলে এগুলোর সবই হবে। তখন আরো বেশি করে এসব নারীদের উন্নয়নসহ বিভিন্নভাবে সহায়তা করতে পারব।
তিনি বলেন, একজন নারী হওয়ার কারণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বা সাধারণ আসনে পুরুষদের সাথে নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করা খুবই কষ্টসাধ্য ব্যাপার হবে। বেশ কিছু প্রতিবন্ধীকতার শিকার হতে হবে। কিন্তু ২০১৯ সালে যখন খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে জানতে পারি চাইলে নারীরাও সরাসরি চেয়ারম্যানসহ ১৩টি আসনে নির্বাচন করতে পারেন। তিনি জানান আমি পারি-আমি পারবো। খান ফাউন্ডেশন আমার সে মনোবল সৃষ্টি করে দিয়েছে। এ মনোবল থাকবে আমৃত্যু।
নুরিয়া খাতুন যেখানই অন্যায় ও নারী নির্যাতন দেখতে পান সেখানেই ছুটে যান। নারীর অধিকার প্রতিষ্ঠা, আর্থ সামাজিক উন্নয়ন, বাল্য বিবাহ ও নির্যাতন রোধ, নারী শিক্ষা থেকে শুরু করে সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার তিনি।
আজকের নুরিয়া খাতুন হয়ে ওঠার ব্যাপারে তিনি বলেন, আমি অনেক এনজিওর সাথে বিভিন্ন কর্মসূচীর সাথে জড়িত ছিলাম। কিন্তু খান ফাউন্ডেশনের অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের সাথে জড়িত হওয়ার পরে আমি আমাকে চিনতে শুরু করি। আমার জীবন পাল্টাতে থাকে। আমার ক্ষমতা সম্পর্কে আমি অবগত হই। আমি সাহসী হয়ে উঠি। যেখানে আমি বাড়ির বাইরে কথা বলতে পারতাম না সেখানে আমি এখন রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ করি। আমি এখন যে কোন অন্যায় দেখলেই প্রতিবাদ করি। নারীদের উন্নয়নে কাজ করি। তিনি জানান তাদের ইতিবাচক কাজের জন্য অন্য নারীরাও সাহসী হবে এবং তাদেরসহ এলাকার নারীদের উন্নয়নে কাজ করবে।
তিনি আরও বলেন, অনেক সংস্থা বা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছি কিন্তু খান ফাউন্ডেশনের মত এতো ভালো প্রশিক্ষণ কোথাও পাইনি। তাদের প্রশিক্ষণ পেয়ে আমি নারীদের আত্মমর্যদাবান ও সাহসী হতে কাজ করি। স্বামী সংসারের সহযোগিতা পেলেও সামাজিকভাবে অনেক প্রতিবন্ধকার শিকার হতে হয়েছে।
তিনি বলেন, সমাজ থেকে অনেক বাঁধার শিকার হয়েছি। অনেকে অনেক রকম কথা বলেছে। অনেকে অশ্লীল কথা-বার্তা বলেছে। আমি এসব বাঁধাগুলোকে ডিঙিয়ে আজকের এই অবস্থানে এসেছি। আর আমাকে এব্যাপারে সাহসী হতে শিখিয়েছে খান ফাউন্ডেশন পরিচালিত অপরাজিতা প্রকল্প। শুধু আমিই নই, খান ফাউন্ডেশনের এই প্রকল্পের মাধ্যমে অনেককেই আমার মত সাহসী নারী হতে সহায়তা করেছে। আমি স্বপ্ন দেখি সমাজের সব নারী নায্য পাওনা ও নায্য বিচার পাচ্ছে।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunews


