ধূমকেতু প্রতিবেদক : গোদাগাড়ীর পাকড়ী ইউনিয়নের ঝলঝলিয়া ক্লাব প্রাঙ্গনে বুধবার সম্প্রীতি ও মিলন উৎসব পালিত হয়। কারিতাস বাংলাদেশ রাজশাহী অঞ্চলের আয়োজনে এবং এসডিডিবি প্রকল্পের বাস্তবায়নে ক্লাব এবং এলাকার সদস্য ও গণমাণ্য ব্যক্তিদের নিয়ে এই উৎসব উদ্যাপন করা হয়। তিন ধর্মের আলোকে মোমবাতি প্রজ্বলন করেন প্রবীন ও প্রতিবন্ধী সদস্যগণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উন্নয়ন কমিটির সভাপতি নাসির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন সুরশুনিপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার আন্তনী হাঁসদা।
বিশেষ অতিথি ছিলেন, গোয়ালপাড়া জামে মসজিদের পেশ ইমাম ইসরাফিল হক, প্রতিবন্ধী নারী ফোরাম সভাপতি রাসেমা খাতুন ও কারিতসের গোদাগাড়ী উপজেলা সিএমএফপি প্রকল্পের মাঠ কর্মকর্তা ভেরোনিকা বিশ্বাস।
অতিথিবৃন্দ আন্তঃধর্মীয় সম্প্রীতি ও মিলন উৎসব বিষয়ে আলোচনায় বলেন, যার যার ধর্ম সে সে নিরাপদে পালন করবে। এক ধর্মের লোক আরেক ধর্মের লোককে সহযোগিতা করবে। কারো ধর্মের প্রতি অবমাননা ও আক্রমন করবে না। সকল ধর্মের মানুষ মিলে এক সাথে সমাজে বসবাস করতে হবে। সেইসাথে সবাই মিলে দেশের উন্নয়নে আত্মনিয়োগ করতে হবে। বক্তব্য শেষে কারিতাসের আওতাধীন আইজিএ এর জন্য ৫জন প্রতিবন্ধিকে বিভিন্ন কাজ করার লক্ষে নগদ অর্থ প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ এবং সদস্যদের উপস্থিতিতে সম্প্রীতি ও মিলন উৎসবের কেক কাটেন। শেষে আদিবাসী শিল্পিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


