ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : মেয়র হয়ে মাত্র সাড়ে তিন বছরের মধ্যে নামে-বেনামে অঢেল সম্পদের মালিক বনে গেছেন রাজশাহীর পুঠিয়া উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি। স্থানীয়দের ভাষ্যমতে তিনি মেয়রের চেয়ার নয়, যেন আলাদিনের চেরাগ পেয়ে গেছেন! নির্বাচনী হলফনামায় মতে গত ৫ বছরের তার নগদ অর্থ বেড়ে গেছে প্রায় ২৫ গুন। এর মধ্যে একাধিক প্লট ক্রয়ের পাশাপাশি গড়ে তুলেছেন বিশাল গরু-মহিষের খামার। স্ত্রী সন্তানদের নামে-বেনামে রয়েছে অঢেল সম্পদ। এ ছাড়া কোটি টাকা ব্যয়ে তিনি নির্মাণ করেছেন অত্যাধুনিক মানের শীততাপ নিয়ন্ত্রিত বাড়ি। রয়েছে বিলাস বহুল একাধিক গাড়ী। এর পাশাপাশি ছোট স্ত্রীর জন্যও তৈরি করছেন আধুনিক মানের অপর একটি বাড়ি। যা নির্মাণাধিন রয়েছে।
গত ২০১৫ সালের পৌরসভা নির্বাচনী হলফনামা সূত্রে জানা গেছে, মেয়র রবি নগদ টাকা দেখিয়েছেন এক লাখ ৫০ হাজার। কৃষি খাতে বার্ষিক আয় ১৫ হাজার, মৎস্য ব্যবসা থেকে বছরে লাভ আসে দুই লাখ ৫৫ হাজার, মাত্র ৯০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল, পৈত্রিক সূত্রে পাওয়া ৪ বিঘা ৫ কাঠা জমি। এছাড়া স্ত্রীর রয়েছে ২০ ভরি গহনা, বাড়িতে একটি টিভি, একটি ফ্রিজ, ৬টি ফ্যান, ৪টি খাট, ২টি ড্রেসিং ও ২টি সোকেস এবং নিজের নামে মামলা রয়েছে একটি।
অপরদিকে, ২০২০ সালের নির্বাচনী হলফনামায় তিনি উল্লেখ করেছেন, তার নগদ টাকা রয়েছে ৩০ লাখ ৯২ হাজার। কৃষি খাতে আয় দেখিয়েছে ২৫ হাজার, মৎস্য খাতে ৩ লাখ ৭৫ হাজার, মেয়র হিসাবে সম্মানি ভাতা পেয়েছেন ৩ লাখ ৬০ হাজার টাকা। পৈত্রিক সূত্রে পাওয়া জমি বাদে ৭টি স্থানে তার নিজের নামে ক্রয়করা তিন বিঘা জমি বা প্লট দেখিয়েছেন। তবে ওই জমির মোট ক্রয় মূল্যে উল্লেখ করেননি। এছাড়া স্ত্রীর গহনা গতবারের মত ২০ ভরি উল্লেখ করেছেন। তার নামে মামলা দেখিয়েছেন ৫টি। বাকি তথ্য যথারীতি গত হলফনামা অনুযায়ি দিয়েছেন।
তবে ২০ ভরি গহনা উল্লেখ ছাড়া তার দু’ স্ত্রী ও ছেলে মেয়েদের নামে অর্থ সম্পদ বা ব্যাংক হিসাবের কোনো তথ্য বিবরণ হলফনামায় উল্লেখ করেননি। এছাড়া তিনি আলাদা আলাদা বাড়ি ও অফিসে শীততাপ নিয়ন্ত্রিত একাধিক এসি, গরু-মহিষের খামার ও তার পরিবারের ব্যবহৃত একাধিক ব্যাক্তিগত গাড়ির বিবরণও উল্লেখ করেননি।
স্থানীয় দলীয় তথ্যমতে জানা গেছে, রবি সাবেক সাংসদের অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজন হিসাবে এলাকায় পরিচিতি পায়। সে সুযোগে কৌশলে উপজেলা যুবলীগের সভাপতির পদ দখল করে নেয়। এরপর ওই সাংসদের তদবীরে গত পৌরসভা নির্বাচনে মেয়র পদে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এতে করে দলের মধ্যে বিভক্তি হয়ে নির্বাচনে একজন বিদ্রোহী প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করেন। যার কারণে ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী আসাদুল হক আসাদ-এর কাছে তিনি পরাজিত হয়। এরপর পূণরায় ভোট গণনার আবেদনও করেন। যার ফলে নির্বাচনের প্রায় দেড় বছরের মাথায় পূণরায় ভোট গণনার মাধ্যমে বিএনপির প্রার্থীকে পরাজিত করে রবিকে বিজয়ী ঘোষনা করা হয়। আর এরপরই তার ভাগ্যের দুয়ার খুলে যায়। মেয়রের দ্বায়িত্ব নেয়ার বছর না ঘুরতেই তিনি আধাপাকা পুরোনো বাড়ি ভেঙ্গে সেখানে গড়ে তুলেছেন অত্যাধুনিক মানের শীততাপ নিয়ন্ত্রিত বিলাস বহুল ভবন। এরপর স্কুল শিক্ষিকাকে দ্বিতীয় বিয়ে করে ওই স্ত্রীর জন্য পুঠিয়া খাদ্য গুদাম গেইটের সামনে আলাদা প্লট ক্রয় করেন। সেখানেও নির্মাণ চলছে অপর একটি আধুনিক মানের বাণিজ্যিক ভবন। দু’স্ত্রী ও সন্তানদের পাশাপশি আপন ভাই-ভাতিজাদের নামে-বেনামে রয়েছে অঢেল সম্পদ। তাদের ব্যবহারের জন্য রয়েছে আলাদা আলাদা ব্যাক্তিগত প্রাইভেটকার গাড়ীসহ রয়েছে একাধিক মাইক্রোবাস।
পৌরসভার সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, রবি মেয়রের চেয়ারে বসেই উন্নয়নের নামে শুরু করেন লুটপাট। পৌরসভার দু’জন কর্মচারী ও একাধিক কাউন্সিলরের মদদে তিনি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বরাদ্দ অর্থ খাতা-কলমে ঠিক রেখে বেশীর ভাগ লুট করেছেন বলেও গুঞ্জন রয়েছে। এছাড়া পৌর ভবন নির্মাণের জন্য বরাদ্দকৃত প্রায় কোটি টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিজেস্ব ব্যবসার কাজে লাগিয়েছেন। আর এ সকল অনিয়ম ও লুটপাটের কারণে জনপ্রতিনিধিদের মাঝে বিভক্তিও রয়েছে।
এ ব্যাপারে পুঠিয়া পৌর মেয়র রবিউল ইসলাম রবি বলেন, আমি একজন ব্যবসায়ী লোক। আমি যে সম্পদ গড়ে তুলেছি তা ব্যবসা করে। আমার পরিবারসহ সকল সম্পদের রাজস্ব নিয়মিত দিয়ে থাকি। আর এ সকল সম্পদের হিসাব নির্বাচন অফিসে দেয়া আছে। তবে হলফনামায় কি কি বিবরণ দেয়া আছে তা এই মূহুর্তে আমার মনে নেই।


