ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর শাহমখদুম থানাধীন ভুগরইল এলাকায় জমি নিয়ে বিরোধে আপন ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম প্রধান আসামী শ্যালক এনামুল (৫৫) কে আটক করেছে র্যাব-৫। আটক ব্যক্তি ভুগরইল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।
শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাত সোয়া ১২টার দিকে তাকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়। হত্যা মামলার এজাহারনামীয় ২ নং আসামী এনামুল।
রোববার সকালে র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, হত্যা মামলার ২ নং আসামী এনামুলকে আটক করা হয়েছে। পূর্বেই ১ নং আসামীকে আটক করা হয়। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
র্যাব জানায়, নিহত রুহুল আমিন (৩৮) এর স্ত্রী মোসাঃ শারমিন সুলতানার পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি-জমা ভাগাভাগিকে কেন্দ্র করে এজাহারনামীয় ১নং ও ২নং আসামীর সাথে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়।
এক পর্যায়ে এজাহারনামীয় ২নং আসামী এনামুল (৫৫) ভিকটিমকে চড় থাপ্পড় ও কিল-ঘুষি মারে সেই সময়ে ধৃত ১নং আসামী মোঃ আমিনুল ইসলাম অরফে মিন্টু এর ডান হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে গলার বাম পাশে কোপ মারলে ঘটনাস্থলে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে যায়।
পরবর্তীতে দ্রুত এ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে শাহমখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করে। আসামী গ্রেপ্তারে র্যাবও তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর একটি আভিযানিক দল হত্যাকান্ডের প্রধান আসামী আমিনুল ইসলাম অরফে মিন্টুকে গত ২৪ মার্চ এয়ারপোর্ট থানাধীন পালপাড়া নামক এলাকা হতে হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়। এরপর হত্যা মামলার ২নং আসামী এনামুলকে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে র্যাব। এনামুল দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে রাখার চেষ্টা করে।
র্যাব-৫ এর একটি দল তাকে সবসময় তার ছায়া অনুসরণ করতে থাকে। এর ধারাবাহিকতায় রাজশাহী রেল স্টেশন থেকে আটক করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।


