ধূমকেতু প্রতিবেদক, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। গত সোমবার (২৮ এপ্রিল) উপজেলার শ্যামপুর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২ মে) দিনগত গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের নাম মকলেছুর রহমান (৪৮)। তিনি জেলার বাগমারা উপজেলার মৃত সোলাইমানের ছেলে। তিনি বাগমারার মাদারীগঞ্জ এলাকার একটি ইটভাটার মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার দুর্গাপুর-তাহেরপুর রাস্তার শ্যামপুর যাত্রী ছাউনির কাছে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানের সাথে মকলেছুরের মোটরসাইকেল ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর তাকে রামেক হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, সোমবার বিকেলে শ্যামপুর যাত্রী ছাউনির কাছে রাস্তার ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলাম। এসময় ওই ব্যক্তিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে আরও কয়েকজন মিলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


