ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৫ মে) সকালে পানিতে ডুবে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটেছে। নিহত শিশুর নাম নাবিল হোসেন (২)। সে উপজেলার কামারগাঁ ইউনিয়নের পারিশো গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
ঘটনা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শিশু নাবিল হোসেন বাড়ির পাশে থাকা পুকুর পাড়ে বসে খেলা করছিল। এসময় সবার অগোচরে শিশু নাবিল পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে হতাশ হয়ে পড়েন। কিছুক্ষণ পরে পুকুরের পানিতে ভেসে ওঠে শিশু নাবিল হোসেনের লাশ। শিশু নাবিল হোসেনের মৃত্যুতে গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আফজাল হোসেন জানান, শিশু নাবিল হোসেনের মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুর পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।


