ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৫ টার দিকে নগরীর একটি কনভেশন সেন্টারে অনুষ্ঠিত হওয়া বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন মালিক সমিতির নির্বাচন প্রস্তুতি কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাইনুল হক হারু।
তিনি বলেন, ‘বিগত সময়ে যারা সংগঠনের ভাবমূর্তি নষ্ট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন শুধু নেতৃত্ব পরিবর্তনের মাধ্যম নয়, এটি একটি সংগঠনের প্রাণচক্র। সবার মতামত নিয়ে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই।’
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় শ্রম দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো: মিজানুর রহমান।
তিনি বলেন, ‘মালিক ও শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে নগর পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব। শ্রম দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা থাকবে।’
এসময় উপস্থিত ছিলেন, বাসশ্রমিক নেতা মো: মমিনুল ইসলাম, রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি ও সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, সেক্রেটারি মো: সিরাজুল ইসলাম সিরাজ, সহ সাধারণ সম্পাদক নজরুল হাসান মিলন এবং কার্যনির্বাহী সদস্য হায়দার, সাজু ও আরিফসহ সমিতির অন্যন্য সদস্যবৃন্দ।
বক্তারা সমিতির স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ওপর গুরুত্বারোপ করেন। সভায় সদস্যদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
সাধারণ সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয় হিসাব, সদস্যপদ নবায়ন, অভিযোগ ও পরামর্শ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সদস্যদের ভবিষ্যৎ সুযোগ-সুবিধা, প্রশিক্ষণ এবং সঞ্চয় স্কিম সম্পর্কে মতবিনিময় এবং আগামী ৪৫ দিনের মধ্যে সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য সিধান্ত নেওয়া হয়।
সমিতির অন্যান্য নেতারা জানান, সদস্যদের অধিকার রক্ষা এবং সংগঠনের উন্নয়নের লক্ষ্যে আগামীতেও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাত্রীসেবা, সদস্য কল্যাণ ও পরিবহন খাতের সার্বিক উন্নয়নে সংগঠনের শক্তিশালী নেতৃত্ব গঠনের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


