ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে বাঘমারা উপজেলার তাহেরপুরের রাস্তা ১৭ কিলোমিটার এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার যাত্রী যাতায়াত করে থাকেন। কিন্তু হঠাৎ করেই বাস চলাচল বন্ধ হওয়ার কারণে।
পূর্ব ঘোষণা ছাড়াই গত রোববার থেকে ভাড়া বৃদ্ধি করেন অটো স্ট্যান্ড কর্তৃপক্ষরা। এতে সাধারণ যাত্রীরা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। পুঠিয়া থেকে তাহেরপুর যেতে প্রতিটি যাত্রীর পূর্বে ভাড়া গুনতে হত ৪০ টাকা করে বর্তমানে গুনতে হয় ৫০ টাকা। এছাড়াও পুঠিয়া থেকে লোওপাড়া ভাড়া ছিল পূর্বে ১৫ টাকা এখন বর্তমানে ভাড়া নেওয়া হচ্ছে ২০ টাকা। প্রতিটি স্টেশনে ভাড়া বর্তমানে বৃদ্ধি পেয়েছে।
পুঠিয়া থেকে তাহেরপুরগামী হান্নান নামের একজন যাত্রী জানান, হুট করে এভাবে ভাড়া বাড়ানো হচ্ছে মানুষকে জিম্মি করে টাকা আদায়ের মতো অবস্থা। এখন আমরা বিপাকে পড়েছি কিছু করার নেই ভাড়া বেশি দিয়ে যাওয়া লাগছে। এগুলো দেখার মতো অতীতে কেউ ছিলোনা বর্তমানেও কেউ নেই। বাস চলাচলের বন্ধের পরেই এমন অবস্থা হল।
তাহেরপুর থেকে পুঠিয়া আসা যাত্রী আতাহার উদ্দিন জানান, এই মুহূর্তে বিদ্যুতের, তেল বা গ্যাস কোন দাম বৃদ্ধি পায়নি তার পরও আমাদের যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে কিন্তু প্রশাসন নীরব ভূমিকায়। বাস চলাচল বন্ধ হওয়ায় আমরা যারা এই রাস্তায় যাতায়াত করি তারা এক প্রকার এদের কাছে জিম্মি হয়ে গেলাম। পূর্ব ঘোষিত ছাড়াই ভাড়া বৃদ্ধি করায় রাস্তায় যতগুলো স্থানে গাড়ি থেমে যাত্রী নামানো হয়েছে প্রত্যেকটা স্থানে যাত্রীদের সঙ্গে বাগবিতণ্ড জড়িয়ে পড়েছে চালক। কেউ জানতো না ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে যে অবস্থা শুরু হয়েছে কোন সময় যাত্রী ও চালকদের মধ্যে বড় ধরনের সংঘাত দেখা যেতে পারে বলে আমি একজন সাধারণ যাত্রী মনে করি। এ সকল বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করি।
নাম গোপন রাখা সত্বে একজন অটোচালক জানান, ভাড়া বৃদ্ধি পেয়েছে আপনি যেটা বলেছেন সেটা সত্য। আগে আমরা গাড়িতে যাত্রীর পরিমাণ ছিল আট জন। গরমের মধ্যে অনেক গাদাগাদি করে বসতে হতো। এখন আমরা যাত্রী নেই পাঁচ থেকে ছয় জন। এতে করে যাত্রীরা স্বাচ্ছন্দ্যবোধে যেতে পারে। সেই জন্য অতিরিক্ত ভাড়া বৃদ্ধি পেয়েছে। তাহেরপুর বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া ৪০ টাকা । অনেক সময় যাত্রীগণ স্ট্যান্ডে না নেমে তাহেরপুর বারনই নদী উপরের যে ব্রিজটা আছে সেখানে গিয়ে নামে ভাড়াদেয় ৪৫ টাকা কিন্তু যাত্রীরা ৫০ টাকায় আমাদেরকে দেয়। তবে এই ভাড়া বৃদ্ধির সাথে বাস চলাচল বন্ধ হওয়ার কারণ দেখানোর কোন সম্পৃক্ততা নেই। সব থেকে বড় কথা হচ্ছে ভাড়া বৃদ্ধি পেল কারো থেকে জোর করে কোন প্রকার ভাড়া আদায় করা হচ্ছে না।
পুঠিয়া অটো স্ট্যান্ডের দায়িত্বে থাকা সভাপতি শিহাব উদ্দিন বলেন, আমাদের পুঠিয়া থেকে তাহের পুর যে সকল যাত্রী চলাচল করছে তাদের থেকে কোন প্রকার ভাড়া বেশি আদায় করা হচ্ছে না। তবে তাহের পুর থেকে যে সকল যাত্রী পুঠিয়ায় আসছে তাদের থেকে ভাড়া বেশি আদায় করা হচ্ছে। এমন অভিযোগ আমার কাছে এসেছে।
তাহের পুর অটো স্ট্যান্ডের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বাস বন্ধ হওয়ার সঙ্গে আমাদের ভাড়া বৃদ্ধির কোন সম্পর্ক নেই। আপনি চাইলে ভাড়া বৃদ্ধি করতে পারেন কী? এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, আমরা পৌরসভা থেকে অনুমতি নিয়ে ভাড়া বৃদ্ধি করেছি। আমরা যাত্রী কম নিয়ে থাকি তাই ভাড়া বেশি নিয়ে থাকি। এরপরেও আমাদের লস গুনতে হয়।
অতিরিক্ত ভাড়া বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তাহেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক মো: মাহবুবুল ইসলাম বলেন, আমাদের পক্ষ থেকে ভাড়া বৃদ্ধি করার কোন নির্দেশনা দেওয়া হয়নি। এছাড়াও পৌরসভার অটো স্ট্যান্ডের ইজারা প্রদান করেনি। যদি কেউ ভাড়া বৃদ্ধি করে থাকে তাহলে রাজনৈতিক প্রভাব বিস্তার করে করতে পারে।
পুঠিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার ভারপ্রাপ্ত প্রশাসক এ,কে, এম, নূর হোসেন নির্ঝর বলেন, ভাড়া বৃদ্ধির বিষয়ে আমার কাছে এখনো কোন অভিযোগ আসেনি। যদি অভিযোগ আসে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


