ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে নাহ্রীন দু:স্থ মহিলা সংস্থা শুক্রবার দুপুরে দশ জন দু:স্থ, অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করে। নগরীর আসাম কলোনীতে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংস্থার সভাপতি সহিদুন্নাহার কাজি হেনা।
প্রধান অতিথি ছিলেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সমাসেবী শাহীন আকতার রেণী।
বিশেষ অতিথি ছিলেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাসিক সংরক্ষিত নারী আসন জোন-৭ এর কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, দু:স্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি রহিমা বেগম, সমাজ সেবী সালমা নাজনীন ও নুজহাত নাহরীন নিভেল। এছাড়াও সংস্থার প্রশিক্ষক আসমা বেগম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, সংস্থার সমন্বয়কারী ও প্রশিক্ষক সামিদা খাতুন দিপা এবং নাজমুস সাদাত সাহান।
প্রধান অতিথির বক্তব্যে রেণী বলেন, নারীরা আর পিছিয়ে নেই। এখন সর্বক্ষেত্রে নারীরা পদচারনা করছে। গ্রামীণ নারীদেরকেও এগিয়ে আসতে হবে। অর্থনৈতিক উন্নয়ন ছাড়া নারীরা ক্ষমতাায়িত হতে পারবে না। এই সেলাই মেশিন নিয়ে কর্ম করে নিজের এবং সংসারের অভাব দুর করার জন্য মেশিন প্রাপ্তদের পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে তিনি ১০ জন নারীর হাতে দশটি সেলাই মেশিন তুলে দেন।
সভাপতি বলেন, এই সংস্থা বরাবরই দু:স্থ নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত প্রায় সাড়ে তিনশ সেলাই মেশিন বিভিন্ন এলাকার নারীদের মধ্যে বিতরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।


