ধূমকেতু প্রতিবেদক, নূরুজ্জামান, বাঘা : নদী মাতৃক বাংলাদেশে মাছের রাজা বলা হয় ইলিশকে। প্রবাদ রয়েছে, মাছে-ভাতে বাঙ্গালী। তবে এসব কথা এখন তেমন একটা শোনা যায় না।এখন শোনা যাই, এ বছর ইলিশ বেশি-না কম হলো।এবার রপ্তানি হবে-না আমদানি হবে ইত্যাদি। এদিক থেকে বাঘাড়ই মাছের গল্প নেই বল্লেই চলে। অথচ গত পাঁচ দিনে নদী থেকে বাঘাড়ই মাছ ধরে লাখপতি হয়েছেন এক জেলে।
লাখপতি এই জেলের নাম ওয়ালিউর রহমান (৩৩)। তার বাড়ী বাঘার সীমান্তবর্তী চকরাজাপুর ইউনিয়নের কালিদাশখালি গ্রামে। তার পিতার নাম ইউসুফ আলী দেওয়ান। তিনি প্রতিদিন চকরাজাপুর পদ্মা নদীতে মাছ শিকার করে থাকেন। গত রবিবার ৪০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ পান তিনি। এর পরদিন সোমবার ফের ৯ কেজি ওজনের রুইমাছ ও সাড়ে তিন কেজি ওজনের বাঘাইড় মাছ উঠে তার জালে। ৯০০ টাকা কেজি দরে রুইমাছটি বিক্রি করেন আট হাজার ১০০ টাকা। আর ৩৫০ টাকা দরে বাঘাইড়টি বিক্রি করেন ১ হাজার ২২৫ টাকা। এ ছাড়াও ৪০ কেজি বাঘাড়ই টি ৮৫০ টাকা কেজি দরে বিক্রী করে তিনি পান ৩৪ হাজার টাকা।
এর তিন দিন আগে তার জালে এক সঙ্গে ৫টি বাঘাইড় উঠেছিল বলে নিশ্চিত করেন চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল আযম। যার ওজন হয়েছিল ৭৪ কেজি। এর মধ্যে ২টি ১৭ কেজি, ১ টা ১৪ কেজি ও বাকি ২টা ২৬ কেজি। মাছগুলো ৭৫০ টাকা দরে বিক্রি করে তিনি পেয়েছেন ৫৫ হাজার ৫০০ টাকা। এখানেই শেষ নয়, ওয়ালিউর এক সাথে ৫ টি মাছ পাওয়ার আগের দিনও একটি ২৪ কেজি ওজনের বাঘাইড় ধরা পড়ে তার জালে। আর সেটা বিক্রি করেন বিশ হাজার টাকায়।
ওয়ালিউর রহমানের সাথে কথা বলে জানা গেছে, গত পাঁচ দিনে তার জালে ধরা পড়েছে ১৫০ কেজির বেশি মাছ। সেগুলো বিক্রি করে তিনি আয় করেছেন প্রায় সোয়া লাখ টাকা। তিনি আবেক আপ্লুত হয়ে বলেন, এ বছর নদীতে তেমন একটা ইলিশ ধরা পড়েনি। তবে পাঁচ দিনের ব্যবধানে লাখ টাকার উপরে বাঘাইড় বিক্রী করে তিনি এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন এবং গ্রামের সবাই তাকে মাছ কপালী বলে আখ্যায়িত করছেন।
ওয়ালিউর রহমান বলেন, নবম শ্রেনী পর্যন্ত পড়া-লেখা করেছেন তিনি। তাদের সংসারে নেই আর্থিক দৈন্যতা। বাবা-মা চেয়েছিলেন লেখাপড়া করাতে, কিন্তু ২০০৮ সালে তিনি নিজ ইচ্ছায় বিদ্যালয় ছাড়েন। তারপর থেকে পদ্মায় ফাঁস জাল দিয়ে মাছ শিকার এবং কখনো-কখনো উপজেলা সড়কঘাট থেকে দুর্গম চরাঞ্চলে নিজ মোটর সাইকেল যোগে যাত্রী বহন করেন তিনি।
বাঘার বিশিষ্ট মাছ ব্যবসায়ী সুজন আলী বলেন, ওয়ালিউর পদ্মা থেকে লাগাতার বড়-বড় বাঘাইড় তুলছে শুনে আমি ৪০ কেজি ওজনের মাছটি দেখতে গিয়ে ছিলাম। অনেক মানুষই এক পলক ওই মাছটি দেখতে ভিড় করেছিল সেখানে। তার মতে, মাছ পাওয়াটা সম্পুর্ণ ভাগ্যের ব্যাপার।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, পদ্মা নদীতে মোটামুটি বছরজুড়েই বাঘাইড় মাছ পাওয়া যায়। তবে শীতকালে একটু কমই ধরা পড়ে। এদিক থেকে ওয়ালিউর রহমানকে ভাগ্যবান বলতে হয়।


