ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাতের আঁধারে মাত্রাতিরিক্ত মাটি বহনে গ্রামীণ সড়কের ক্ষতি করার কারণে রাজশাহীর পুঠিয়ায় ১০ চাকার তিনটি ড্রাম ট্রাক আটক করেছেন থানা পুলিশ। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তিনটি ট্রাক মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ওই তিন চালকের কোনো প্রকার বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদান্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হচ্ছে চারঘাট উপজেলা মুক্তারপুর এলাকার আমিরুল ইসলামের ছেলে ট্রাক চালক আরশেদ আলী (২৬), একই এলাকার মাহাতাব আলীর ছেলে রোজারি (৩৮) ও নাটোর বড়গাছা এলাকার রুহুল আমিনের ছেলে আব্দুল ওহাব (৪০)।
মঙ্গলবার (১৬ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন থেকে সন্ধ্যার পর পুঠিয়া-আড়ানী সড়কে কয়েকটি ১০ চাকার ড্রাম ট্রাক মাত্রাতিরিক্ত মাটি বহন করছে। এতে করে গ্রামীন সড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। রাস্তার সুরক্ষায় আমাদের এই অভিযান অব্যহত থাকবে।


