ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় একটি বিদেশী পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার আশরাফপুর গ্রামের মৃত সুলতান প্রামানিকের ছেলে কামরুল ইসলাম (৩৫) এবং একই উপজেলার চাঁদপুর বেংগাড়ি গ্রামের ফজলুর রহমানের ছেলে ফাইজুল ইসলাম জনি (২৮)।
স্থানীয় লোকজন জানান, আটককৃত দুই যুবকের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। রোববার (১১ এপ্রিল) ভোররাতে উপজেলার আশরাফপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি দল এসে তাদের গ্রেপ্তার করে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার কনের তাঁরা। গ্রেপ্তারকৃত দুই যুবকের কাছে অস্ত্র ও গুলি ছাড়াও তাঁদের কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল সেট, চারটি সীমকার্ড এবং নগদ ১ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়েছে। এদের মধ্যে একজন মাইটিভি চ্যানেলের সাংবাদিক। তার নাম ফাইজুল ইসলাম জনি।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুই যুবক স্বীকার করেছেন যে অপরাধমূলক কর্মকান্ডের জন্য তাঁরা অবৈধ অস্ত্র নিজেদের কাছে রেখেছিলেন। এ নিয়ে তাঁদের বিরুদ্ধে রোববার দুপুরে বাঘা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আব্দুল বারি র্যাবের পক্ষ থেকে রোববার দুপুরে থানায় একটি মামলা দেয়ার সত্যতা স্বীকার করেন।


