ধূমকেতু প্রতিবেদক : ফেসবুকে অশ্লীল ভিডিও ও ছবি পোস্ট করার অপরাধে শাফিউল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) দিবাগত রাত ৩ টার দিকে নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে রাজশাহী মহানগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
রাজশাহী আরএমপি পুলিশ সদর দপ্তর থেকে জানায়, সাদিয়া আক্তার (ছদ্মনাম) ও শাফিউল ইসলাম উভয়েই পূর্ব পরিচিত এবং তারা দূর সম্পর্কে মামা ভাগ্নী। তারা দুইজনেই একসাথে লেখাপড়া করতো। সাদিয়া আক্তার (ছদ্মনাম) এর নাম ও ছবি ব্যবহার করে শাফিউল ইসলাম একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলে সাদিয়া আক্তারের বিভিন্ন অশ্লীল ভিডিও ও ছবি ফেসবুকে পোস্ট করে এবং পরবর্তীতে সাদিয়ার বিভিন্ন আত্মীয়-স্বজনের ম্যাসেঞ্জারে প্রেরণ করে এমন অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে গত ২০ মে পবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলা হয়।
পুলিশ জানায়, মামলার পরপরই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের একটি দল আসামীর অবস্থান শনাক্ত করে। পরে শুক্রবার (২১ মে) দিবাগত রাত ৩ টার দিকে পবা থানার এসআই দেবাশীষ দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশের সহায়তায় হাসানপুর গ্রামে অভিযান চালিয়ে আসামী শাফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


