ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : দুয়ারে কড়া নাড়ছে ঈদ-উল-আযহা। আর মাত্র কয়েকদিন পরেই ধর্মীয় ভাবগাম্ভীর্যে মুসলমানরা উদযাপন করবেন পবিত্র ‘কোরবানি’র ঈদ। সেই উৎসবকে সামনে রেখে মোহনপুরে বিভিন্ন ব্রান্ডের ফ্রিজ বিক্রি বাড়ছে। উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের শো-রুমে ক্রেতাদের আকৃষ্ট করতে ডিসকাউন্টসহ নানা অফারও দেয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়,উপজেলার বিভিন্ন ফ্রিজের শো-রুমগুলোতে আগের থেকে ক্রেতার সমাগম বেড়েছে। তারা বিভিন্ন শো-রুম ঘুরে ঘুরে পছন্দের ফ্রিজ কিনছেন। বিক্রেতারাও ক্রেতাদের আকৃষ্ট করতে শো-রুমগুলোর সামনেসহ শহরের বিভিন্ন স্থানে নানা অফারের বিজ্ঞাপন সেঁটেছেন। কোন কোন কোম্পানি তাদের পণ্যের প্রচারের জন্য শহরে মাইকিংও করছেন।
শনিবার মোহনপুরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কেশরহাটে ফ্রিজের শোরুম গুলোতে ভিড় লক্ষ্য করা যায়। দেশীয় কোম্পানীর ফ্রিজের প্রতি গ্রাহকদের উৎসাহ বেশী বলে জানা গেছে।
কেশরহাটে ওয়ালটন এক্সক্লুসিভ শো-রুমের পরিচালক সাহেদ বকুল আমার সময়কে বলেন, ফ্রিজের কেনাবেচা বেড়েছে ব্যপকহারে। গ্রাহকদের আকৃষ্ট করতে আমরা কিস্তি সুবিধা দিচ্ছি। মাত্র পাঁচ হাজার টাকায় জমা দিয়ে কিস্তি সুবিধায় পাচ্ছেন ফ্রিজ।
যমুনা ফ্রিজের ক্রেতা হরিদাগাছি গ্রামের মতিউর রহমান জানান, তিনি কোরবানির মাংস রাখতে একটি ফ্রিজ কিনেছেন। দেশীয় পণ্য এবং চমৎকার ডিজাইন।
তিনি বলেন, আমার অনেক দিনের সখ ছিল ফ্রিজ ক্রয়ের। আজ সেই সখ পূরণ হওয়ায় আমি বেজায় খুশি।
ফ্রিজ বিক্রেতারা জানান, দু এক দিনে আরো বেড়ে যাবে ফ্রিজ বিক্রি।


