ধূমকেতু প্রতিবেদক : করোনাকালীন পরিস্থিতিতে অসহায় ও দুঃস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে রাজশাহী জেলা পুলিশ।
বুধবার বেলা ১১ টার দিকে নগরীর কেশবপুরস্থ পুলিশ লাইন্স ড্রীলসেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অসহায় ও দুঃস্থ তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম।
প্রধান অতিথি বলেন, করোনা মহামারির শুরু থেকেই বাংলাদেশ পুলিশের অন্যান্য ইউনিটের মত রাজশাহী রেঞ্জের প্রতিটি পুলিশ ইউনিট অসহায় ও দুঃস্থদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমানে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীরা বিভিন্নভাবে কর্মমুখী হচ্ছেন যা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু করোনা পরিস্থিতিতে অনেকে কর্মহীন হয়ে যাচ্ছেন।
এছাড়া তিনি করোনার এই ভয়াবহতায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। মানবিক ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে পুলিশ সবসময় সমাজের অসহায় মানুষদের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।
বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) টি এম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম, রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম এন্যালাইসিস) আব্দুস সালাম ও রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার (এস্টেট অ্যান্ড ওয়েলফেয়ার) মোহাম্মদ মনিরুল ইসলাম।
রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) এর সভাপতিত্বে করোনাকালীন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া ১২০ জন অসহায় তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর মাঝে এ ত্রাণ সামগ্রী চাল, ডাল, সয়াবিন তেল ও আলু বিতরণ করা হয়।


