ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে নিখোঁজের ২ দিন পরে কচু ক্ষেতে মিললো শান্ত ইসলাম (১৮) নামের এক যুবকের লাশ।
শুক্রবার বিকেলে ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের পাশের কচু ক্ষেত থেকে শান্ত ইসলাম (১৮) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে চারঘাট মডেল থানা পুলিশ। শান্ত ইসলাম ইউসুফপুর গাং পাড়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। শুক্রবার রাত ৯ টার দিকে লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শান্ত ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ ছিলো বলে পারিবার দাবি করছে। তবে নিখোঁজের বিষয়ে থানায় কোন ধরণের জিডি বা সংবাদ দেয়নি নিহতের পরিবার। শুক্রবার বিকেলে সংবাদ এলাকাবাসীল তথ্যের ভিত্তিতে নিহতের বাড়ির পাশের ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় সংলগ্ন কচু ক্ষেতে নিখোঁজ শান্তর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। লাশের শরীরে আঘাতের চিহৃ থাকায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তাকে খুন করা হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্টের পরে সঠিকভাবে জানা যাবে মৃত্যুর কারণ।


