ধূমকেতু প্রতিবেদক : ‘বেগম রোকেয়া দিবস’ উদযাপন উপলক্ষে মহানগর ও জেলা পর্যায়ে নির্বাচিত ১০ জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা’র সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ‘জর্য়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জেলা প্রশাসন ও রাজশাহী মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তাঁদের সংবর্ধনা জানানো হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের মানবসম্পদ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এ আলোচনা সভা ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর। অনুষ্ঠানে জেলা ও মহানগর পর্যায়ে পৃথকভাবে ৫ জন করে নির্বাচিত মোট ১০ জন শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন, সফল জননী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু করা নারী, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী ব্যক্তিত্ব এই পাঁচটি ক্যাটাগরিতে তাঁরা নির্বাচিত হন।
কালচারাল একাডেমি রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি নানা আয়োজনে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালন করে। এ উপলক্ষে বৃহস্পতিবার রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কারর বিতরণ করা হয়। প্রতিযোগিতা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, অত্র একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার ও কলেস্তিনা হাঁসদা।
অত্র একাডেমির সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগীত প্রশিক্ষক কবীর আহম্মেদ বিন্দু ও নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


