ধূমকেতু প্রতিবেদক, রাবি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শহীদ জিয়াউর রহমান হলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে জিয়াউর রহমান হলের ২০৩ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধু কর্ণারটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সত্তার।
শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ ড. সুজন সেনের সভাপতিত্বে বাংলাদেশ বেতারের উপস্থাপক ও সংবাদ পাঠক আব্দুর রোকন মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘বঙ্গবন্ধুকে জানার জন্য তাঁর রাজনৈতিক জীবন, কর্মজীবন ও তাঁর ভাবধারা সম্পর্কিত বই পড়তে হবে। আমাদের তাঁর আদর্শে জীবন অতিবাহিত করতে হবে এবং তাঁর জীবনাদর্শন গ্রহণ করতে হবে, সেই অনুসারে কাজ করতে হবে। তাহলেই তাঁর সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। লাইব্রেরীতে আমাদের যেতেই হবে। যেখানে মহাকালের মহা কল্লোল। সেখান থেকে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। বঙ্গবন্ধু সম্পর্কে বই পড়ে জানতে হবে।

তিনি আরও বলেন, বদ্ধ, হিন্দু ও খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের জন্য যেন মিলন কেন্দ্র হয় আমাদের বাংলাদেশ। এটাই চেয়েছেন বঙ্গবন্ধু।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান উল ইসলাম বলেন, “বঙ্গবন্ধু একদিনে গড়ে উঠেনি কিংবা একটা বাশির হুইসেলে বাংলাদেশ স্বাধীন হয়নি। সেদিন সারা পৃথিবী বুঝেছিল বাঙালীর আপাময় জনসাধারণের নেতা বঙ্গবন্ধু। কিন্তু কেউ কেউ বুঝেনি। তাই তারা বিরোধিতা করে। তাদেরকে বলবো, বঙ্গবন্ধুকে অধ্যায়ন করুন। বঙ্গবন্ধুকে অনুধাবন ও তার আদর্শকে লালনের মাধ্যমেই তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের অধ্যাপক চিত্ত রঞ্জন মিশ্র, শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষক ড. আলী আসরাফ, সালাউদ্দিন সাইমুমসহ ছাত্রছাত্রীবৃন্দ।


