ধূমকেতু প্রতিবেদক : সমগ্রদেশের ন্যায় আজ শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজে উদযাপিত হলো মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রতিষ্ঠানটি আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট চিকিৎসক, বারিন্দ মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ, ডা. বি.কে. দাম।
বিশেষ অতিথি ছিলেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের সাবেক পরিচালক আবদুল মান্নান সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, গণপূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার খোরশেদা ইয়াসরিবা এবং ব্র্যাক ব্যাংকের রাজশাহী অঞ্চলের এরিয়া ম্যানেজার দুলাল মিয়া।
আয়জনের আহ্বায়ক ছিলেন, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ।
আয়োজক ছিলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমা রহমান এবং সভাপতিত্ব করেন, চেয়ারম্যান এম.এ. মান্নান খান।
সভায় বক্তারা বিজয়ের গৌরব গাঁথা তুলে ধরেন। প্রধান অতিথি জাতির বীর সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, “তাদের আত্মত্যাগে আমরা বিজয় অর্জন করেছিলাম। তিনি স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে। তার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।”

বিশেষ অতিথিবৃন্দ বলেন, “বিজয়ের ৫০ বছরে এসে বাঙালি জাতির স্বাধীনতার প্রকৃত সুফল ভোগ করতে শুরু করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে দল-মত-নির্বিশেষে একযোগে দেশের স্বার্থে কাজ করতে হবে।”
সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে বিজয়ের সুবর্ণজয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে সভাপতি বলেন, “আজ অত্যন্ত আনন্দময় একদিন। বিজয়ের ৫০ বছর অতিক্রম করে বাঙালি জাতি আজ সমগ্র পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। জাতির জনকের স্বপ্নের এই সোনার বাংলাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তার আদর্শ বুকে লালন করে একযোগে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হবে।”
তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে আমাদের গড়ে তুলতে হবে।”
আয়োজনের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল বিজয়ের ৫০ বছরে বাংলাদেশের বিভিন্ন অর্জন এবং উন্নয়নের সূচক তুলে ধরে একটি তথ্যচিত্র।
এছাড়াও উপস্থাপিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে।
পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।


