ধূমকেতু প্রতিবেদক : করোনার সতর্কতার কারণে বাংলাদেশের কোথাও বই উৎসব অনুষ্ঠিত হয়নি। অনান্য জেলার ন্যায় রাজশাহীতেও উৎসব ছাড়াই শুরু হয়েছে বই বিতরণ।
শনিবার সকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বই বিতরণ শুরু হয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবে।
প্রথম দিনে দেওয়া হয় তৃতীয় শ্রেণির বই। পর্যায়ক্রমে ১২ জানুয়ারি পর্যন্ত চলবে এ কার্যক্রম। এ বছর রাজশাহী জেলায় ৫ লাখ ২০ হাজার ৫১৮ শিক্ষার্থী নতুন বই পাবে। তাদের দেওয়া হবে মোট ৬১ লাখ ১৬ হাজার ২৬৮টি বই।
শনিবার সকাল থেকে রাজশাহী শহরের বই বিতরণ শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের সঙ্গে স্কুলে গিয়ে শিক্ষার্থীরা বই গ্রহণ করে। তবে অনেক স্কুলেই কেবল বাংলা, অঙ্ক ও ইংরেজি বই দেওয়া হয়েছে। অন্য বই ৩ জানুয়ারির পর দেওয়া হবে বলে সংশ্লিষ্ট স্কুল থেকে অভিভাবকদের জানানো হয়েছে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, এ বছর বই বিতরণের অনুষ্ঠানিতা নেই। তবে স্কুলগুলোতে বই বিতরণ চলছে। আজ কার্যক্রম শুরু হলো। পর্যায়ক্রমে সবাই বই পাবে।
এদিকে, শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ শুরু হলেও এখনও সম্পন্ন বই আসেনি রাজশাহীতে। ফলে অনেকেই নতুন বই না পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সংশ্লিষ্টরা বললেন- ১২ জানুয়ারি পর্যন্ত বই বিতরণে ঘোষণা দিয়েছে। সেই সময়ের মধ্যে বই চলে আসবে। তাতে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন বই পাবে সব শিক্ষার্থী।
জানা গেছে- রাজশাহী জেলায় মাধ্যমিক পর্যায়ের ৬০ শতাংশ বই এসেছে। এখনও বাকি ৪০ শতাংশ বই। এছাড়া প্রাথমিক পর্যায়ের কিছু বই আসতে বাকি আছে।
রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, কিছু কিছু উপজেলায় ৪৫ থেকে ৬০ শতাংশ নতুন বই এসেছে। বাকি বইগুলো ১২ জানুয়ারির আগেই আসবে।
রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম জানান, বই বিতরণ চলছে। তবে কিছু উপজেলায় এখনও শতভাগ বই আসেনি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সব বই এসেছে। বাকি রয়েছে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির অল্প বই। বইগুলো পথে আছে দুই দিনের মধ্যেই চলে আসবে।
প্রসঙ্গত, প্রাথমিক পর্যায়ে ২ লাখ ৮৬ হাজার ৬১২ শিক্ষার্থী ১৩ লাখ ৬৭ হাজার ৮৬২টি নতুন বই পাবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ লাখ ৮৬ হাজার শিক্ষার্থী পাবেন প্রায় ৪৭ লাখ নতুন বই।


