ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২২।
সোমবার বিকেল সাড়ে ৩ টায় রাজশাহী পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) প্রধান অতিথি থেকে এ আনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি’র (পুনাক) সভানেত্রী জীশান মীর্জা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)।
অনুষ্ঠানের শুরুতেই মনোরম প্যারেড প্রদর্শন করেন মহানগর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী’র খেলোয়াড়বৃন্দ। এরপর আইজিপি মহোদয় রং বেরংয়ের বেলুন ফেস্টুন উড়িয়ে বার্ষিক পুলিশ সমাবেশ-২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন।
এরপর দুই জন ক্রীড়াবিদের মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে খেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। পর্যায়ক্রমে ১০০ মিটার দৌঁড়, বালিশ বদল, ১০০ মিটার হাঁটা, রশি টানাটানিসহ অনেক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।

আইজিপি মহোদয় বক্তব্য প্রদানকালে বলেন, ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। বছরে এ একটি দিনের জন্য প্রতিটি পুলিশ সদস্য ও তাদের পরিবার অপেক্ষায় থাকে। পুরো অনুষ্ঠানটি ছিল গোছালো ও সুশৃংখল। মহানগর মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশ, রাজশাহী সুন্দর একটি ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করায় সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি তাঁর বক্তব্য শেষ করেন।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিশেষ অতিথি কেন্দ্রীয় পুনাক সভানেত্রী জীশান মীর্জা খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) রশীদুল হাসান পিপিএম ও উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ আরএমপি ও জেলা পুলিশ, রাজশাহী’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।


