ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর পৌরসভার হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য দেয়া প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র (চাদর) বিতরণে অনিয়ম ও ব্যক্তিগত প্রচারণার অভিযোগ উঠেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে তানোর পৌরসভায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫৩৫টি চাদর দেয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কাউন্সিলর বলেন, একজন পৌর মেয়র, ৯ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৩ জন নারী কাউন্সিলর মোট ১৩ জনের মধ্যে বিভাজন করা হলে মাথা পিছু প্রায় ৪২টি করে চাদর পাবার কথা। কিন্তু কাউন্সিলরদের মাথা পিছু মাত্র ২০টি করে চাদর দিয়ে বাঁকি চাদর মেয়রের ভাই সোহেল রানা মেয়রের ব্যক্তিগত অনুদানের নামে তার অনুগতদের মাঝে বিতরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৮ জানুয়ারী শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ পৌরভবনে চাদর বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন। কিন্তু তিনি উদ্বোধন করে চলে আশার পর পরই মেয়রের ভাই সোহেল রানা সেখানে উপস্থিত হয়ে চাদর বিতরণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে তার অনুগতদের মাঝে বিতরণ করেন। এতে কাউন্সিলরদের মধ্যে চরম অসন্তোসের সৃষ্ট হলেও ভয়ে তারা কোনো প্রতিবাদ করতে পারেনি।
সংরক্ষিত আসনের এক কাউন্সিলর জানান, পৌরসভার অবস্থা দেখে মনে হচ্ছে ইমরুল নামে মেয়র তার ভাই সোহেল রানা হচ্ছে কামে মেয়র মানে তাকে ছাড়া কোনো কাজ করা হয় না।
তিনি বলেন, মেয়র না থাকলে প্যানের মেয়র, সচিব, প্রকৌশলী বা কাউন্সিলরগণ চাদর বিতরন করবেন তা না করে বাইরের লোক কিভাবে চাদর বিতরণ করে, তাহলে জনগণের ভোটে আমাদের কাউন্সিলর নির্বাচিত করে কি লাভ।
তিনি আরও বলেন, তাকে মাত্র ২০টি চাদর দেওয়া হয়েছে, অথচ চাদর এসেছে প্রায় ৫৩৫টি, এতে একেক জনের পাওয়ার কথা ৪২টি করে, আমি এসব বিষয়ে কথা বলা মাত্রই রানা গোলাবাজি শুরু করে এই জন্য পৌরসভা থেকে চলে এসেছি।
এদিন সরেজমিন দেখা যায়, পৌরসভার শীতবস্ত্র চাদর বিতরণ করছে মেয়র ইমরুলের ভাই সোহেল রানা তবে তালিকা তৈরিতে অনিয়ম হয়েছে বলে হট্টগোল করতে দেখা যায়। এবিষয়ে মেয়র ইমরুল হক অসুস্থ বলে এড়িয়ে যান। অথচ তিনি ও প্যানেল মেয়র আরব আলী তার দপ্তরেই বসে ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কাউন্সিলর বলেন, মেয়র অসুস্থ ঠিক আছে, কিন্তু প্যানেল মেয়র আছে এবং আমরা থাকতে কেনো মেয়রের ছোট ভাই বিতরণ করবে। তাছাড়া একটি ঘরও রানার দখলে রয়েছে।
চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রহিম, হীরা ও বাবু বলেন, আমরা দরিদ্র দলও করি তালিকায় নাম নাই, আবার শুনতে পাচ্ছি মেয়রের ব্যক্তি অনুদানের কথা বলে তার ভাই রানা তাদের অনুগতদের মাঝে বিতরণ করেছে।
এবিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মেয়রের ছোট ভাই সোহেল রানা ফোন রিসিভ না করায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।


