ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের বক্তব্যের সমালোচনা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমি কোনো দিন বিএনপি সদস্য ছিলাম না এবং উপদেষ্টাও ছিলাম না।
শুক্রবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ‘কাশ্মীর ও দক্ষিণ এশিয়ার রাজনীতি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা জানান তিনি।
তিনি বলেন, সার্চ কমিটির কাছে আমি আট জনের নাম বলেছিলাম। আমি কাউকে জিজ্ঞেস করে নাম দেই নাই। হঠাৎ হানিফ আবিষ্কার করলেন এটা বিএনপির দেয়া নাম। এই মিথ্যাচার কেন করলেন? এই ভুল তথ্য কেন দিলেন? এটা আমি জানি না। আমার সাথে বিএনপির শীর্ষ পর্যায়ের কারও সাথে গত তিন মাসে কথাও হয়নি। আলাপ তো দূরের কথা।
‘হানিফ আরেকটা ভুল কথা বলেছেন। বলেছেন, আমি খালেদা জিয়ার উপদেষ্টা। আমি কোনো দিন বিএনপির সদস্য ছিলাম না এবং উপদেষ্টাও ছিলাম না।’
বিএনপির নেতাদেরকে উদ্দেশ্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, যদি ক্ষমতায় আসতে চান তাহলে সবাইকে নিয়ে আন্দোলনে যেতে হবে। আর পরিষ্কারভাবে বলতে হবে যে, ডিজিটাল সিকিউরিটি আইন কবরে পাঠানো হবে৷ পরিষ্কারভাবে বলতে হবে র্যা বকে বিলোপ করা হবে।
খালেদা জিয়ার দুই ভুলের কথা তুলে ধরে তিনি বলেন, ক্লিন হার্ট অপারেশন করে তিনি ভুল করেছিলেন। আরেকটা ভুল করেছিলেন, সালমানের কথা শুনে ওষুধের দাম উঠিয়ে। সার্চ কমিটির উদ্দেশ্যে ডা. জাফরুল্লাহ বলেন, যে দশ জনের নাম রাষ্ট্রপতির কাছে পাঠাবেন তা আগেই জনগণের সামনে প্রকাশ করুন। জনগণকে বক্তব্য রাখার সুযোগ দিতে হবে। সার্চ কমিটি যতই সার্চ করুক জনগণের চেয়ে বেশি সার্চ তারা করতে পারবে না। জনগণ হলো আসল সার্চের মালিক। আর তিন দিন আগে এই দশ জনের নাম প্রকাশ করা হলে তাদের সম্পর্কে আমরা সকল তথ্য দিতে পারব। যে তথ্য গোয়েন্দা বাহিনীও দিতে পারে না, সে তথ্য জনগণ দিতে পারবে।
আয়োজক সংগঠনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্ব সভায় সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, ব্যারিস্টার মেজর (অব.) সরোয়ার, ভাসানী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, মুসলিম লীগের সাধারণ সম্পাদক কাজী আবুল খায়ের, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উইং জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।


