ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। তবে করোনা শনাক্তের হার ৫ শতাংশে নেমে এসেছে।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তারা করোনা ইউনিটের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে একজন নাটোর ও একজন পাবনা জেলার বাসিন্দা। একজন নারী ও একজন পুরুষ। তারা দুজনই ষাটোর্ধ্ব বয়সের ছিলেন বলেও জানান পরিচালক।
এছাড়া হাসপাতালের করোনা ইউনিটের ১৪৬ শয্যার বিপরীতে গতকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত ভর্তি ছিলেন ৪৩ জন রোগী। এর মধ্যে করোনা আক্রান্ত রোগী রয়েছেন ১৭ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২১ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী আছেন ৫ জন।
এদিকে, রাজশাহী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার ৫ দশমিক ১৩ শতাংশে নেমে এসেছে। গেল সপ্তাহেও এই হার ছিল ১৫ শতাংশ।


