ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটে কালীগঞ্জ উপজেলায় এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার সাথে থাকা টাকার ব্যাগটি ছিনতাইয় করা হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) দিনগত রাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আইয়ুব আলী (৩৮) উপজেলার চলবলা ইউনিয়নের হাড়িশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।
পুলিশ জানায়, নিহত আইয়ুব আলী প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে দিনগত রাত ১টার দিকে ব্যবসার টাকা ব্যাগে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এসময় ধনঞ্জয় কেচুর বাড়িসংলগ্ন কাঁচা রাস্তায় পথরোধ করে তাকে রামদা দিয়ে কোপাতে থাকে কয়েকজন দুর্বৃত্তরা। এ ঘটনায় আইয়ুব মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে রামদা ফেলে দিয়ে আইয়ুবের টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা। তবে আইয়ুবের ব্যবহৃত মোটরসাইকেলটি ফেলে রেখে যাওয়া হয়।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল সাংবাদিকদের জানান, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।


