ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণপুর নামক এলাকা হতে সেনা সদর দপ্তরের ৩টি ভূয়া নিয়োগপত্র ও ৮টি ভুয়া সীলসহ অভিযুক্ত আসামী খোরশেদ আলম মিঠু (৩৮) ও সুজন মন্ডল (৫০) নামের দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে শনিবার দিবাগত রাত ১১ টার দিকে জেলার বদলগাছী উপজেলার বিষ্ণপুর নামক গ্রামের মৃত আব্দুল মতিন মন্ডলের ছেলে খোরশেদ আলম মিঠু ও একই গ্রামের ফরছেদ আলীর ছেলে সুজন মন্ডলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, অভিযুক্ত ব্যক্তিরা ভিকটিম এবং তার মায়ের কাছে সেনা সদর দপ্তরের মেসওয়েটার ও অফিস সহায়ক পদে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম চাকরি খবর জানতে চাইলে গত ৩০ জুন ২০২২ ইং তারিখে নিয়োগপত্র নেওয়ার জন্য আরও পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। পরবর্তীতে তাদের কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে ভিকটিম শনিবার (২ জুলাই) বিষয়টি র্যাবকে অবগত করে এবং প্রতারকরা ভিকটিমের কাছে টাকা নিতে আসলে ক্যাম্পের আভিযানিক দল তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে ভিকটিমদেরকে উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় একটি প্রতারণা মামলা করা হয়।
এ বিষয়ে বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান বলেন, আসামীদের প্রতারণা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে ১টায় আসামীদের নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়েছে।


