ধূমকেতু প্রতিবেদক, রাবি : বিদ্যুৎ খাতে বিপর্যয় এবং জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপি-জামাতপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের সামনে দলটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় এবং দলের আহ্বায়ক অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দলটির শিক্ষকরা বলেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস আজ এদেশের সাধারণ মানুষ। এভাবে নিত্যপণ্যের দাম, গ্যাসের দাম, ভোজ্য তেলের দাম, ওষুধের দাম, পানির দাম, সবশেষ জ্বালানি তেলের দাম বাড়িয়ে সরকার শুধু সাধারণ মানুষকে বিপদে ফেলেছে। অথচ সরকারের মন্ত্রী, এমপি, আমলারা দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
মানববন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, একটা জাতির ধ্বংস অনিবার্য তখন যখন সে জাতির শিক্ষাকে ধ্বংস করা হয়। আপনারা জানেন সংসদ সদস্যরা এ বিষয়ে বক্তব্য রেখেছেন। একটা বিশেষ গোষ্ঠীর পক্ষে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বইগুলোকে কিভাবে পরির্বতন করা হয়েছে। যার মাধ্যমে আমি মনে করি জাতি ধ্বংসের দিকে পতিত হচ্ছে।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত-ই-জাহান বলেন, প্রধানমন্ত্রী এতদিনে বুঝতে পেরেছেন কোন মানুষগুলো তার বাবাকে ঘিরে ছিল। এখনও তাকে কোন মানুষগুলো ঘিরে আছে! এটা তিনি যত তাড়াতাড়ি উপলব্ধি করবেন এ জাতির জন্য ততই মঙ্গল হবে।
অধ্যাপক জাহান প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার উন্নয়নের চাকায় ফ্লাইওভার পরে মানুষ মারা যায়। আপনার উন্নয়নে তেল এখন ১৩৫ টাকা, ডিম এখন ১৪ টাকা পিস। চেয়ে দেখেন আপনার জনগণ কী খায়। আমরা চাই না আমাদের দেশ শ্রীলঙ্কার দিকে যাক। আমরা চাই আমাদের দেশ ইউরোপ, আমেরিকার মতো হোক। আপনি আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরিয়ে দেন। গুম খুন বন্ধ করুন। আর এগুলো না করলে এখনকার যে পরিস্থিতি তার চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরমের উপদেষ্টা অধ্যাপক ড. আমজাদ হোসেন, দলটির সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. এনামুল হক, বিশ্ববিদ্যালয় আইবিএ ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাসানাত আলি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. আবুল হাসান মুকুল প্রমুখ।
এছাড়াও প্রায় অর্ধ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।


