ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে দুই বাচ্চাসহ বনলতা খাতুন বণি নামের এক নারীকে জোরপূর্বক বাড়ী থেকে উচ্ছেদ করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী নারী শাহমখদুম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
বুধবার (১৭ আগস্ট) রাজশাহীর শাহ মখদুম থানাধীন খিরসিন টিকরী দাঁড়ার ধার এলাকায় এমন ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানান, কোর্টে মামলা চলমান থাকা অবস্থায় বুধবার দুপুরে আলমগীর হোসেন কদর নামে এক ব্যক্তি ৭ জন মহিলা ও ৮ জন পুরুষকে নিয়ে এসে বণি ও তার দুই বাচ্চাকে জোরপূর্বক ঘর থেকে বের করে দরজায় তালা দিয়েছে। আলমগীর হোসেন কদর হলেন রাজপাড়া থানাধীন সিলিন্দা এলাকার মৃত খায়রুল আলমের ছেলে।
সরজমিনে গিয়ে জানা যায়, বনলতা খাতুন বণি ও নাসির স্বামী স্ত্রী। স্বামী নাসির ঢাকায় চাকরি করেন। বছর দুয়েক আগে স্বামী স্ত্রী নাসির উদ্দীন পোল্ট্রি ও মৎস খামারের ওপর ইসলামী ব্যাংক রাজশাহীর নিউমার্কেট শাখা থেকে ২৯ লাখ টাকা ঋণ নেন। এই ঋণ সুদে আসলে ৩৬ লাখ টাকায় দাঁড়ায়। এই সুযোগে ঋণ পরিশোধ করতে না পারায় করোনার সময় ব্যাংক তাদের বন্ধকীকৃত জমি টেন্ডারে আলমগীর হোসেন কদরের কাছে বিক্রি করে দেয়। জমি টেন্ডারের আগে ব্যাংক কোর্টের মাধ্যমে যে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন তা বনির কাছে পৌঁছায় নি বলে দাবি করেন তিনি।
বনি জানান, এই টেন্ডারের বিপরীতে হাইকোর্টে রিট করা হয়। রিটে হাইকোর্ট বনিকে ব্যাংকের টাকা পরিশোধ করে জমি ফিরিয়ে দেয়ার রায় দেন। কিন্তু ইসলামী ব্যাংক সেই টাকা নিতে অস্বৃকীতি জানালে হাইকোর্ট টাকা পে-অর্ডারের মাধ্যমে দিতে বলেন। সেই মতে বনি ম্যানেজারের কাছে পে-অর্ডারের মাধ্যমে টাকা পরিশোধ করেন।
এরপরে গতকাল আলমগীর হোসেন কদর তার লোকজন নিয়ে সেই বাড়ি থেকে দুই শিশুসহ বনি কে বাড়ি থেকে বের করে দেন এবং গেটে তালা ঝুলিয়ে দেন। সেই সাথে গেটে নোটিশ টাঙ্গিয়ে দেন। এরপর থেকে বনি ও তার দুই শিশু সন্তান বাড়ির বাইরে গেটে অবস্থান করছিলেন।
এ ব্যাপারে আলমগীর হোসেন কদর বলেন, অনেকদিন আগে আমি ঐ জমি ব্যাংকের কাছ থেকে কিনেছি। কিন্তু তারা দখল দিচ্ছিল না। তাই আমি লোকজন নিয়ে গিয়ে বাড়ি দখল করেছি।
এ ব্যাপারে শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যাবস্থা নেয়া হবে।


