ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশায় সাদিয়া আক্তার নামে নয় বছরের এক শিশু কন্যার রহস্যজন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গুচ্ছ গ্রামে। মৃত সাদিয়া আক্তার ওই গ্রামের রুবেল মিঞার মেয়ে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে স্কুলে ক্লাস শেষে সাদিয়া বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। খুঁজে না পাওয়ার এক পর্যায়ে সাদিয়ার বাবা রাত দেড়টার দিকে থানায় সাধারণ ডায়েরি করেন। এ অবস্থায় শুক্রবার সকালে বাড়ির পাশের পুকুরে সাদিয়ার লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করেন। লাশ উদ্ধারের সময় সাদিয়ার বাম কানের লতিতে রক্ত বের হওয়ার চিহ্ন ছিল।
থানা অফিসার ইনচার্জ জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে ময়না তদন্ত শেষে আসল রহস্য উৎঘাটন করা যাবে বলে তিনি আশা করছেন। অপরদিকে বৃহস্পতিবার বাড়ির পাশের পুকুরে কাপড় খাঁচতে গিয়ে পানিতে পড়ে ডুবে সেরুন বেগম নামে ৭৫ বছরের এক বৃদ্ধা মারা গেছেন। তিনি নিতপুর মাস্টার পাড়ার মৃত মাইজুল ইসলামের স্ত্রী।


