ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় কানে হেডফোন দিয়ে রেললাইনে উপর মোবাইলে পাবজি ভিডিও গেমস খেলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর বেগুনটারী রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাইফ উদ্দিন (১৬) ওই ইউনিয়নের মোস্তাক হুজুরের ছেলে ও নামুড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে সাইফউদ্দিন তার দুই কানে হেডফোন দিয়ে রেললাইনের উপর বসে মোবাইলে গেমস খেলায় মগ্ন ছিল। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী লোকাল ট্রেনটি এসে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মৃত্যু বরণ করে।
লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


