ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের দুদিন পর সেপটিক ট্যাংকি থেকে আলহাজ (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হরিশপুর আশ্রয়ণ প্রকল্প থেকে লাশটি উদ্ধার করা হয়।
আলহাজ হরিশপুর মহলদারপাড়া গ্রামের বাবলুর ছেলে। সে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। এর আগে শুক্রবার রাতে আলহাজ নিখোঁজ ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুদিন স্বজনরা অনেক খুঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরে আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি বাড়ি খুঁজেও না পেয়ে। সেপটিক ট্যাংকির ঢাকনা খোলা হয়। এসময় আলহাজের মরদেহ দেখা যায়। পরে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।
চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।


