ধূমকেতু প্রতিবেদক, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাক চাপায় আব্দুল লতিফ (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল লতিফ গ্রামীণ ব্যাংকের বড়খাতা শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত। তার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জের ভোটমারী এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল লতিফ মোটর সাইকেল যোগে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলো। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে এবং ঘাতক ট্রাকটি আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


