ধূমকেতু প্রতিবেদক : পবার বড়গাছি হাটে ইজারা নেয়া মহিলা বিপণী কেন্দ্র নামে দোকানঘর ব্যবসায়ীদের না জানিয়ে জোরপূর্বক ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় প্রভাবশালীরা দোকানঘর ভেঙ্গে নতুন ঘর নির্মাণ করার কথা বললেও পুনরায় দোকানঘর ইজারা পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা।
এ ব্যাপারে মহিলা বিপণী কেন্দ্রের ইজারাদার সালেহা বেগম দোকানঘর না ভাঙ্গার জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। মূলত বড়গাছী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ইজারা চুক্তি ভঙ্গ করে এই দোকানঘর ভেঙ্গে ফেলছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়াও দলীয় প্রভাব খাটিয়ে বাজার কমিটির সভাপতি ও যুবলীগ নেতা এমদাদ ব্যবসায়ীদের হয়রানি করছেন এমন অভিযোগও রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা মরহুম মফিজুর রহমানের স্ত্রী সালেহা বেগমকে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার গত ২০০৪ সালে বড়গাছি বাজারে নির্মিত মহিলা বিপণি কেন্দ্র নামে দোকানটি ইজারা দেন। ২০২১ সালের ১০ অক্টোবর পর্যন্ত চুক্তিকৃত ইজারা মূল্যে ভাড়া ৩০০ টাকা পরিশোধ করা হয়। এরপর বড়গাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল রানা গত ২০০০ থেকে ২০২১ সালে পর্যন্ত ইজারা চুক্তি পুনঃনবায়ন করে দেন। যার বার্ষিক ভাড়া নির্ধারণ করা হয় ৩৬০০ টাকা। ইজারার শর্ত মেনে দীর্ঘ ১৯ বছর যাবৎ সততার সাথে ব্যবসা পরিচালনা করে করছেন ব্যবসায়ী সালেহা বেগম।
কয়েকদিন আগে বর্তমান ইউপি চেয়ারম্যান ও বড়গাছী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির মাধ্যমে জানতে পারেন বড়গাছী মহিলা বিপণী কেন্দ্রটি ভেঙ্গে নতুনভাবে ঘর নির্মাণ করে ইজারা প্রদান করা হবে। ওখানে মোট ছয়টি দোকান ঘর করা হবে। এই দোকানঘর ভাঙ্গা হলে সালেহা বেগমসহ অন্যরা ক্ষতিগ্রস্ত হবেন। এছাড়াও পুনরায় ইজারা না পান তাহলে এই নারী ব্যবসায়ীর রুজি রোজগার অনিশ্চিত হবে।
এ ব্যাপারে বড়গাছী বাজার কমিটির সভাপতি এমদাদ জানান, বউ বাজারটা সংস্কার করা হচ্ছে। কাজ শেষ হলে ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেয়া হবে। এখানে কেউ শঙ্কা প্রকাশ করলে বা অভিযোগ করলে আমার কিছু করার নাই।
এদিকে স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সরকারি নিয়ম না মেনে, হাটে স্থায়ী পাকা দোকানঘর নির্মাণ, বরাদ্দের নামে টাকা হাতিয়ে নেয়া হচ্ছে। এতে প্রকৃত ব্যবসায়ী বঞ্চিত হচ্ছেন। অনেকটা স্বজন প্রীতির মাধ্যমে হাটের জায়গা নিয়ে বাণিজ্য করছেন বাজার কমিটির লোকজন। ব্যবসায়ীদের অভিযোগ এসব অনিয়মে ইএনও ও এসিল্যান্ডসহ সরকারি কর্মকর্তাদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
সরকারি নিয়ম বর্হিভ‚তভাবে হাট বাণিজ্যে লিপ্ত হয়েছেন বর্তমান বাজার কমিটির সভাপতি এমদাদ ও সেক্রেটারি আফজাল। এমদাদ পবা উপজেলা যুবলীগের সভাপতি ও তার ছেলে বড়গাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাগরের প্রভাবে সরকারী খাস জায়গায় নিয়ম নীতির তোয়াক্কা না করে, স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে, হাটের বরাদ্দকৃত জায়গা বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে এলাকাবাসী অভিযোগ করেন গত পরশু পবা উপজেলা যুবলীগের সভাপতি এমদাদ ও তার পুত্র সাগরের সহযোগিতায় বড়গাছী বাজারের প্রাচীন বটগাছটি কাটার উদ্যোগ নেয়া হয়। এ সময় এলাকার লোকজন বাধা প্রদান করলে তারা আর গাছটি কাটতে পারেনি।


