ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়া-টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ভাসানচরে নিতে ১০টি গাড়ি বিএফ শাহীন কলেজে স্থাপিত অস্থায়ী ট্রানজিট পয়েন্টে পৌঁছেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পতেঙ্গা থানার বিএফ শহীন কলেজের ট্রানজিট পয়েন্টে পৌঁছে।
মিয়ানমারের বুচিদং এলাকার বাসিন্দা আয়শা বেগম গত দুই বছর ধরে কক্সবাজারের বালুখালী ক্যাম্পে অবস্থান করছিলেন। আজ তিনি স্বেচ্ছায় ভাসানচরে যেতে রাজি হয়ে চট্টগ্রাম এসেছেন। গাড়িতে বসেই তিনি বলেন, ‘আমার স্বামী জেলে আছে। তারা বলেছে, ভাসানচরে গেলে ভালোভাবে বাঁচা যাবে। আমি পরিবারের ৮ সদস্য নিয়ে ভাসানচরে যাচ্ছি।
এর আগে দুপুরে কক্সবাজার সংবাদদাতা জানান, ২১টি বাসে ভাসানচরের উদ্দেশে রওনা দেয় রোহিঙ্গারা। উখিয়া ডিগ্রি কলেজ মাঠ এলাকা থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে অন্তত ৬০০ রোহিঙ্গা থাকতে পারে বলে ধারণা রোহিঙ্গা নেতাদের।
তিনি জানান, কক্সবাজারের উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যেতে উখিয়া কলেজ মাঠে অস্থায়ী ট্রানজিট পয়েন্ট স্থাপন করা হয়েছে। মাঠে একাধিক কাপড়ের প্যান্ডেল ও বুথ তৈরি করা হয়েছে।
এ সংক্রান্ত বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কেউ মুখ খুলতে না চাইলেও রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়ার আয়োজন ছিল চোখে পড়ার মতো।


