ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে সাময়িক বরখাস্ত হওয়া মাদ্রাসার অফিস সহকারির বিরুদ্ধে দায়ের হওয়া মামলা নিস্পত্তি হলেও মাদ্রাসায় তাকে যোগদান করতে না দেয়ায় মানবেতর জীবন-যাপন করছেন ভুক্তভোগী মোঃ মোমেনুল ইসলাম। ঘটনটি ঘটেছে উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসায়।
এ ঘটনায় মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান মাদ্রাসার সুপার মোঃ মাজেদুর রহমানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলেও তা মানছেন না প্রভাবশালী ওই সুপার। জানা গেছে, মোঃ মোমেনুল ইসলাম ২০০২ সালে উপজেলার জয়পুর ডাঙ্গাপাড়া দাখিল মাদ্রাসায় অফিস সহকারি পদে যোগদান করে দীর্ঘদিন ধরে চাকুরি করে আসছিলেন। গত ২০২২ সালে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হলে ম্যানেজিং কমিটি তাকে সাময়িক বরখাস্ত করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে করা মামলাটি গত ২৭ নভেম্বর ২০২৪ সালে বিজ্ঞ আদালত নিস্পত্তি করে দেন।
আদালত কর্তৃক মামলা নিস্পত্তির পর মাদ্রাসার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান মাদ্রাসার সুপার মোঃ মাজেদুর রহমানকে লিখিতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এরপরও প্রভাবশালী সুপার ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে অফিস সহকারি পদে তাকে যোগদান করতে দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। মাদ্রাসার সুপার মোঃ মাজেদুর রহমান জানান, তার যোগদানে আইনগত কোনো বাধা নেই।
তবে ম্যানেজিং কমিটির সদস্যগণসহ স্থানীয় অভিভাবকরা তার যোগদানে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি খুব শ্রীঘ্রই সমাধান করা হবে।#


