ধূমকেতু প্রতিবেদক,গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুর উপজেলার ১নং নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে আজ (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় এডপহ কমিটির নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ে বিগত ১৭ বছর আওয়ামীলীগের দলীয় লোকজন কোনো নির্বাচন ছাড়াই ম্যানেজিং কমিটিতে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর মূল কমিটি ও এডপহ কমিটির পদগুলো শূন্য হয়ে যাওয়ায় বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড স্থগিত হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম বলেন, “আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান অত্যন্ত ভালো। শিক্ষকরা আধুনিক শিক্ষা নিশ্চিত করতে ছাত্র-ছাত্রীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। আমরা চাই, বিদ্যালয়ের উন্নয়নকে এগিয়ে নিতে যোগ্য ব্যক্তি এডপহ কমিটির সভাপতি নির্বাচিত হোক।”
এ বছর চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের এডপহ কমিটির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন:
১. মোঃ আলতাব হোসেন, সাবেক সদস্য, চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়।
২. হারুনুর রশিদ, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক, চন্দ্রপুর, নাজিরপুর।
৩. মোঃ আরিফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল, নাজিরপুর ইউনিয়ন।
৪. মাওলানা ইব্রাহিম হোসেন, সভাপতি, ২নং ওয়ার্ড, নাজিরপুর ইউনিয়ন জামায়াতে ইসলাম।
প্রস্তুতি সভায় প্রার্থী ও তাদের সমর্থকদের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন নাটোর জেলা শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাকিল হোসেন এবং সহকারী পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও আলোচনায় অংশ নেন নাজিরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুর রহমান রাজা ও ইমান আলী দুলু। বিদ্যালয়ের জমিদাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আজাহার আলী, মোঃ কায়দে আজম, মোঃ আবুল হোসেন সিকদার, মোঃ মিয়ার উদ্দিন, আলহাজ্ব মোঃ ফজর আলী প্রাং, মোঃ আসকান আলী ও মোঃ দানেশ আলি খাঁ।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রতিটি প্রার্থীর পক্ষ থেকে ১০ জন করে মোট ৪০ জনের মতামত গ্রহণ করা হয়। মতামত সংগ্রহের পর এডপহ কমিটির চূড়ান্ত তালিকা নাটোর জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে এবং আগামী মার্চ মাসের মধ্যে এডপহ কমিটির ঘোষণা দেওয়া হবে বলে আশ্বাস দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শাকিল হোসেন।


