ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চরদামুকদিয়া মহিষাপুর গ্রামে নিজ ঘর থেকে বৃদ্ধ দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া মহিষাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দম্পতি হলেন- ফরিদ হোসেন (৭৫) ও রাবেয়া খাতুন (৬৫)। নিহতদের পুত্রবধূ তাপসী খাতুন বলেন, দুপুর ১২টা বেজে গেলেও ভোর থেকে ঘরের দরজা বন্ধ।
শ্বশুর-শাশুড়ি ঘুম থেকে উঠছেনই না। বিষয়টি সন্দেহ হলে ঘরের সামনে এসে ডাকা-ডাকি শুরু করি।
কিন্তু কোনো সারা-শব্দ না পেয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে তাকালে দেখতে পাই, শ্বশুর গলায় দড়ি দিয়ে ঝুলছেন। এ সময় আমি চিৎকার দিয়ে উঠলে প্রতিবেশীরা ছুটে আসেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জেনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


