ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে আপন চাচার দ্বারা ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় স্থানীয় মাতব্বরদের বাঁধার মুখে গুরুতর আহত শিশুটির চিকিৎসা পর্যন্ত করাতে পারছে না শিশুটির প্রতিবন্ধী বাবা-মা।
এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হলেও প্রভাবশালী মাতব্বর ও আসামীর বিরুদ্ধে আইনী সহায়তা নিতে পারছে না শিশুটির অসহায় পরিবার। স্থানীয় সূত্র জানায়, উপজেলার সফাপুর ইউপির দক্ষিণ গোবিন্দপুর গ্রামের মজিবর রহমান ভোলার ছেলে হারুন অর রশিদ (৫০) কয়েকদিন আগে তার মানসিক প্রতিবন্ধী চাচাত ভাইয়ের মেয়ে (৬) তার বাড়িতে খেলতে গেলে নিজ ঘরে ডেকে নিয়ে বিভিন্ন প্রলোভনে ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য শিশুটিকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। এতে শিশুটি প্রচন্ড ভয় পেয়ে প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। কিন্তু বাথরুম করতে সমস্যা হলে একপর্যায়ে শিশুটি তার মাকে বিষয়টি খুলে বলে।
পরে বিষয়টি জানাজানি হলে আসামীর আতœীয়-স্বজনসহ স্থানীয় মাতব্বরা শিশুটির চিকিৎসা করাতে না দিয়ে স্থানীয়ভাবে মিমাংসার আশ্বাস দেন। এ ব্যাপারে শিশুটি জানায়, তার চাচা হারুন এ নিয়ে কয়েকবার তার সাথে এ ঘটনা ঘটিয়েছে। ভয়ে সে বিষয়টি কাউকে জানায়নি বলেও জানিয়েছে।
এ ব্যাপারে শিশুটির চাচাতো বোন বলেন, যে চাচা একটি শিশুর সাথে এমন পশুর মত আচরণ করতে পারে তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। নাম প্রকাশে অনিচ্ছুক ওই গ্রামের একাধিক ব্যক্তি জানান, শিশুটির মা-বাবা প্রতিবন্ধী হওয়ায় সহজেই সুযোগ নিয়ে একটি মহল অভিযুক্ত হারুনকে বাঁচাতে অপতৎপরতা চালাচ্ছে। হারুন এর আগেও এ ধরণের বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। এ ধরণের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মারপিটের শিকার হয়ে জরিমানাও দিয়েছেন। হারুনের এমন অপকর্মের জন্য শাস্তি দাবী করে তারা বলেন, স্থানীয় মাতব্বর ইউনুস আলী মন্ডল, শরিফুল ইসলাম, আমজাদ মেম্বার সহ একটি মহল অভিযুক্ত হারুনকে বাঁচাতে বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে।
এছাড়াও তারা শিশুটিকে চিকিৎসা করাতে বাঁধা দিয়ে আপোষ মিমাংসার আশ্বাস দিচ্ছেন বলেও অভিযোগ করেন। শিশুটির মা কান্নাজড়িত কন্ঠে তার মেয়ের সুচিকিসাসহ অভিযুক্ত হারুনের শাস্তির দাবী জানান। এ বিষয়ে ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগটি সঠিক নয়, তবে একটি মহল বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছেন বলেও তিনি জানান। সফাপুর ইউপি চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির মা-বাবা দুজনেই প্রতিবন্ধী। তাদের দুজনের সুবর্ণ নাগরিকের ভাতাও রয়েছে। এর সুযোগ নিয়ে একটি মহল বিষয়টি আপোষ মিমাংসা করে দেওয়ার জন্য তাকে জানিয়েছিল। তিনি তাদেরকে আইনের মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেন। তিনি আরো বলেন, অভিযুক্ত হারুনসহ এ ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন রেজা বলেন, এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি। অভিযোগ পেয়ে প্রয়োজনীয় আইনী সহায়তা প্রদানসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান।#


