ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাবা। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তাঁর ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহিম।
এসআই বলেন, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আব্দুল কাদের (৩৮)। সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, ‘একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে তাকে রিলিজ করা হয়েছে। নিহতদের মরদেহ এখনো আনা হয়নি।’


