ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ছেলেরা তাদের বাড়িতে মায়ের জায়গা না দেওয়ায় বাড়ি থেকে অদুরে পটল ক্ষেতের জমিতে খোলা আকাশের নিচে বৃদ্ধা মা সুফিয়া (৯০) কে রেখে গেলেন মেয়ে আঙ্গুর। বৃদ্ধা মা’কে রেখে যাওয়ার খবর পেয়েও কোন সন্তান আসেনি মা’কে বাড়িতে নিয়ে যেতে। এই মর্মাহত ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নওগাঁ জেলার বদলগাছীর মথুরাপুর ইউনিয়নের জগৎনগর(কলকুটি) গ্রামে। বলছি ৯০ বছরের বৃদ্ধা সুফিয়া বেগমের অসহায়ত্বের কথা। একে একে জন্ম দিয়েছেন ৮টি সন্তান। আদর যতেœ বড় করেছেন। তাদের হাঁসি ফোটাতে বিন্দু মাত্র কার্পণ্য করেননি তিনি। শেষ বয়সে এসে সেই ৮ সন্তানের কাছে চেয়েছিলেন একটু আশ্রয় ও তিন বেলা খাবার। কিন্তু বৃদ্ধা “মা” এখন তাদের কাছে বোঝা। তিন বিঘা জমি মেয়েদের নামে লিখে দেওয়ায় কাল হলো তার। স্বামীর ৪০ বিঘা সম্পত্তি থাকার পরও তার কপালে জুটছেনা শান্তিতে ঘুমানোর জায়গা আর তিন বেলা ঠিকমতো খাবার।
জানাযায়, বদলগাছী উপজেলার মথুরা ইউপির জগৎনগর গ্রামের মৃত মহাতাবের স্ত্রী তিনি। বয়সের ভাড়ে ঠিকমতো কথা বলতে পারেনা। করতে পারেনা চলাফেরাও। তিন ছেলে ও ৫ মেয়ের জননী তিনি। বড় ছেলে মোতাহার মাষ্টার স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষক, অপর দুই ছেলে মশিউর ও আতোয়ার কৃষি কাজ করেন। আর মেয়েদের বিয়ে হয়ে গেছে। ৮বছর আগে স্বামী মারা যায়। স্বামীর রেখে যাওয়া ৪০বিঘা সম্পত্তির ভাগ বাটোয়ার নিয়ে ছেলে- মেয়ের মাঝে বাঁধে বিরোধ। এরপর আর কেউ মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিতে চায় না। তাইতো সম্পত্তির জন্য এই বৃদ্ধা মা’এর স্থান হলো খোলা আকাশের নিচে। ফেলে গেল তার আপন সন্তানরা।
বিষয়টি এলাকায় জানাজানি হলে সন্ধার পর বৃদ্ধা সুফিয়া বেগমকে এক নজর দেখতে গ্রামবাসী ও এলাকবাসীর ঢল নামে। খবর পেয়ে সরেজমিনে জগৎনগর গ্রামে গিয়ে দেখা যায়, বৃদ্ধা সুফিয়া বেগম খোলা আকাশের নিচে একটি বালিশের নিচে মাথা দিয়ে শুয়ে আছেন। কথা বলার চেষ্টা করলে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকছেন। কিছু বলার চেষ্টা করেও বলতে পারছেনা তিনি। বৃদ্ধা সুফিয়া বেগমের কষ্ট দেখে রাতে মোশার হাত রক্ষার জন্য গ্রামবাসী মশারি টাঙিয়ে দিয়েছেন। কেউ আবার দিয়েছেন কয়েল জালিয়ে। কিন্তু তার কোন ছেলে-মেয়ে ও পরিবারের কোন লোকজন তাঁকে এক নজর দেখতেও আসেনি।
এ বিষয় নিয়ে ছেলেদের সাথে কথা বলার জন্য গেলে সংবাদিক পরিচয় পাওয়ার পর দরজা বন্ধ করে দেয়। তবে ঘটনার এক ঘন্টা পর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে মশিউর নামের এক ছেলে বৃদ্ধা সুফিয়া বেগমকে খোলা মাঠ থেকে তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে জায়গা দেন।
গ্রাম বাসিরা বলেন,“সুফিয়া বেগমের স্বামীর ৪০বিঘা জমিই ছেলেরা দখলে রেখেছে। এছাড়া কিছু জমি ছেলেরা আগেই তার বাবার কাছ থেকে লিখে নেয়। বিষয়টি জানতে পেরে বৃদ্ধা সুফিয়া বেগম তার নামে থাকা তিন বিঘা জমি পাঁচ মেয়েদের কে লিখে দেন। এরপর ছেলেদের কাছে শক্র হয়ে যায় জন্মদাত্রী “মা”। তারপর থেকেই মায়ের কোন খোঁজ নেয় না ছেলেরা। পরবর্তীতে একই গ্রমের ছোট মেয়ে আঙ্গুর বেগম ও জামাই ফিরোজ হোসেনের বাড়িতে জায়গা হয় তার। কিন্তু কতোদিন রাখবে? এই ক্ষোভ থেকে মেয়ে রেখে গিয়েছে খোলা আকাশের নিচে।
জামাই ফিরোজ হোসেন বলেন,“শ্বাশুড়ী আমার কাছেই ছিলো। কোন ছেলেরা তার খোঁজ খবর নেয় না। অসুস্থ হওয়ার খবর শোনার পরও ছেলেরা মাকে দেখতে আসেনি। তাই রাগ করে আজকে তার মেয়ে আঙ্গুর বেগম আমার শাশুড়ীকে ফাঁকা মাঠে ফেলে আসে।
মথুরাপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটন ও বদলগাছী থানার উপ-পরিদর্শক নিহার চন্দ্র বলেন, ঘটনা জানার পর এখানে এসেছি। তার ছেলেদের সাথে কথা বলেছি, তার ছেলে মশিউরের কাছে আছে বৃদ্ধা মা সুফিয়া বেগম। মায়ের ভরণ পোষণের দায়িত্ব না নিলে ছেলে-মেয়েদের বিরুদ্ধে ভরণ পোষন আইনে মামলা করা হবে।
পরবর্তীতে এধরণের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।


