ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ছাগলকে বাঁচাতে গিয়ে অটো চার্জার ভ্যান উলটে ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সিরাজ উদ্দীন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে খাজুর ইউনিয়ন পরিষদের সামনে। এ দুর্ঘটনায় আরো দুই বৃদ্ধ আহত হয়েছেন।
নিহত সিরাজ উদ্দীন উপজেলার সোনাকুড়ি গ্রামের মৃত আফসার আলীর ছেলে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। জানা গেছে, সিরাজ উদ্দীন পেশায় আলু ব্যবসায়ী। বুধবার সদরে হাটবার হওয়ায় ব্যবসার উদ্দেশ্যে অটো চার্জার ভ্যান যোগে মহাদেবপুর হাটে আসছিলেন। পথিমধ্যে সকাল সাড়ে ৭ টার দিকে খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এলে বিপরীত দিক থেকে আসা দ্রæতগামী একটি ট্রাককে সাইড দিতে হিয়ে রাস্তার উপর ছুটে আসা একটি ছাগলকে বাঁচাতে যায় ভ্যান চালক।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানটি পাশের ডোবায় উলটে পড়ে। সেখানে ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সিরাজ হোসেনের মৃত্যু হয়। এ সময় ভ্যানের অপর যাত্রী বেলকুড়ি গ্রামের মৃত তাছির উদ্দীনের ছেলে ছহির উদ্দীন (৭২) ও দেবীপুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে আব্দুল আজিজ (৮১) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সিরাজকে মৃত ঘোষণা করেন।
মহাদেবপুর থানার (ওসি) শাহীন রেজা জানান, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন, তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেন নি। #


