ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহী পুঠিয়ায় বিএনপির একাধিক গ্রুপে বিভক্ত হওয়ায় সাধারণ নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অপরদিকে উপজেলা সদরের স্থানীয় দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাঝেমধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটার অভিযোগ উঠেছে।
জানা গেছে, পুঠিয়ায় অবস্থিত রাজশাহী মোটক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রার্থী দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দিয়ে ছিলো। পরবর্তী সময়ে আদালতের নিদের্শে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকের নির্বাচন স্থগিত করে দেয়। ১৪ মে জমিদার অশ্বিনী বাবুর অর্পিত সম্পত্তিতে ৭টি পুকুর ইজারাকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে উপজেলা বিএনপির নেতা এবং সাবেক পৌর মেয়র আল মামুম খানের লোকজন ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ন আহবায়ক ফারুক রায়হানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে সোহাগ নামের এক কর্মী গুরুতর আহত হয়। এর জের ধরে রাতে পুঠিয়া রাজবাড়ি বাজারে থাকা স্থানীয় বিএনপি অফিসে অগ্নিসংযোগ করে দুইটি মটরবাইক পোড়ানো হয়। ১৬ মে ফারুক পক্ষের ৩ জনকে আসামী করে আহত সোহাগ নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ১৮ মে পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুন খানের নামে পুকুর ইজারা দেওয়াকে কেন্দ্র করে কিছু মিডিয়া মিথ্যা গুজব ছড়ানো প্রতিবাদে আল মামুন খাঁন তার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে করেন। এবং একটি প্রতিপক্ষের বিরুদ্ধে রাজনৈতিক কথা তুলে ধরেন। ৩০ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী’র অনুষ্ঠান বিএনপির নেতাকর্মীরা বিভক্ত হয়ে আলাদা আলাদা পাঁচটি স্থানে কর্মসূচি পালন করে হয়েছে। এতে করে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
ভাল্লুকগাছি ইউনিয়নের একজন বিএনপির সমর্থক জানান, পুঠিয়া উপজেলা বিএনপির এতগুলো গ্রুপ যেখানে এক গ্রুপের মিছিল মিটিংয়ে গেলে অন্য গ্রুপের কাছে শত্রু হতে হয়। এইজন্য আমরা কোন গ্রুপের সাথে আপাতত কোন প্রোগ্রামে শরিক হতে পারছি না। হয়তোবা আমার মত এমন হাজারও বিএনপির সমর্থক আছে যারা প্রকাশ্যে কোন মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে পারে না। আজকে পুঠিয়ায় বিএনপির একাধিক গ্রুপের প্রধান কারণ হলো নেতৃত্বের অভাব।
রাজশাহী জেলা শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান আলম বলেন, আমরা এই পিএন সরকারি হাইস্কুল মাঠে উপজেলার সবাই মিলে অতীতে বিভিন্ন সময় মিটিং মিছিলসহ সভা-সমাবেশ অনুষ্ঠানের আয়োজন করেছি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠান সবাই মিলে করা উচিত ছিল। কিন্তু আমরা আলাদা আলাদা স্থানে অনুষ্ঠান করছি। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির পক্ষ হতে কোনো অনুষ্ঠানের উদ্যোগ গ্রহন করা হয়নি। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী’র অনুষ্ঠান আলাদা ভাবে করা হয়নি। বিড়ালদহ এলাকায় উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে অনুষ্ঠান পালন করা হয়েছে। বিএনপির সকল নেতারা যেখানে থেকে অনুষ্ঠান পালন করে। বিএনপি অনেক বড় একটি দল । এই দলে একাধিক গ্রুপ থাকতে পারে। তবে যারা বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন সময় যারা সন্ত্রাসী,চাঁদাবাজী করছে তারা বিএনপির কেউ না। সামনের দিনে পুঠিয়াতে কোন সন্ত্রাস বা চাঁদাবাজ বিএনপিতে থাকবে না বলে তিনি জানান।


