ধূমকেতু নিউজ ডেস্ক : শোবিজে পথচলা শুরু মডেলিং দিয়ে। নাচে পারদর্শী, সেই সুবাদে বিভিন্ন নৃত্যানুষ্ঠানেও দেখা যেত। মিউজিক ভিডিওর মডেল হয়েই আলোচনায় আসেন, নজর কাড়েন দর্শকের। আর নাটকে এসে জনপ্রিয় হয়ে ওঠেন সবার কাছে। বলছি তানজিন তিশার কথা। আগামী ২৮ আগস্ট ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে আসছে তার অভিনীত নাটক ‘খোয়াবনামা’। এই নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
পোস্টার প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছে ‘খোয়াবনামা’। নাটক দেখার পরও কি সেটা অব্যাহত থাকবে?
নির্মাতা ভিকি জাহেদ বরাবরই হরর-মিস্ট্রি ও সাইকোলজিক্যাল ঘরানার কাজের জন্য বেশ সিদ্ধহস্ত। ফলে নাটকের প্রথম পোস্টার দর্শকের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে দ্বিতীয় পোস্টারে সহশিল্পী তৌসিফ মাহবুরের সঙ্গে আমাকে রোমান্টিক আবহে দেখেছেন সবাই। সব মিলিয়ে দর্শকের মনে টুইস্ট তৈরি হয়েছে। আশা করছি, ‘খোয়াবনামা’র কথা অনেক দিন মনে রাখবে মানুষ। বিশেষ করে শেষ দৃশ্যে অনেকেই আবেগতাড়িত হয়ে পড়বেন।
নাটকে আপনার চরিত্র সম্পর্কে জানতে চাই।
আমার চরিত্রের নাম রূপা। গল্পটা প্রথমবার পড়ার পরেই আমার পছন্দ হয়ে হয়ে যায়। এই চরিত্রের গ্রাফটা খুব আনপ্রেডিক্টেবল ছিল। তাই পারফরম্যান্স করতে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে।
‘ভালোবাসার মরসুম’ নামে একটি সিনেমায় বলিউডের শরমন যোশীর বিপরীতে অভিনয়ের কথা শোনা গিয়েছিল। এটা কি সত্য?
এটা নিয়ে অনেক নিউজ আমিও দেখেছি। পরিচালক এমএন রাজ নির্মাণ করবেন ছবিটি। আমার চরিত্রের নাম হিয়া… আরও অনেক তথ্য। তবে বিষয়টি সম্পর্কে আমি এখনই কিছু বলতে চাই না। হতে পারে নতুন কোনো সারপ্রাইজ নিয়েই সবার সামনে আসব। এটি সত্যি যে, সিনেমাটি করলে খুশির খবরই হবে। শরমন যোশীর মতো একজন অভিনেতার সঙ্গে কাজ করা ক্যারিয়ারের জন্য প্লাস হবে।
আর শাকিব খানের বিপরীতে অভিনয়ের বিষয়টি?
এটা নিয়েও মন্তব্য করতে চাই না। কারণ শাকিব ভাই কিংবা আমি কিন্তু কোনো স্টেটমেন্ট দিইনি যে, আমরা একসঙ্গে কাজ করছি। সময়ই আসলে সবকিছু বলে দেবে। এ ছাড়া ছবিটি যিনি পরিচালনা করবেন বলে অনেক নিউজে এসেছে, সেই সাকিব ফাহাদও বলেছেন, এখনও কিছুই চূড়ান্ত হয়নি। সুতরাং এমন যদি হয়, শাকিব খানের সঙ্গে আমি জুটি বেঁধে কাজ করছি আর সেটি চূড়ান্ত হয়েছে- তাহলে আপনাদের মাধ্যমে ভক্ত-দর্শকদের জানিয়ে দেব।
বর্তমানে দ্রুতই অনেকে জনপ্রিয়তা পাচ্ছেন। আপনার ক্ষেত্রে বিষয়টি কেমন ছিল?
এমন নয় যে, এলাম আর সবাই আমাকে দেখেই কাজে নিয়েছে। যেহেতু আমি থিয়েটারের মেয়ে নই, ফলে অভিনয়ে দুর্বলতা ছিল। ধীরে ধীরে অভিনয়টা শিখেছি। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। প্রতিটি সফলতার পেছনে উত্থান-পতন থাকে; আমারও ছিল। আমার দর্শকের ভালোবাসার জন্যই সংগ্রামটা করতে পেরেছি।
একটা সময় অনেক নাটকে অভিনয় করতেন। কিন্তু এখন সংখ্যাটা কমে গেল?
ক্যারিয়ারের শুরুর দিকে রোমান্টিক নাটকগুলোয় বেশি অভিনয় করেছি। তবে একটা সময় মনে হয়েছে, নিজেকে ভাঙতে হবে। একটা চরিত্রে নিজেকে উপস্থাপন করতে হবে। তখন একেকটা চরিত্রে নিজেকে ভেঙেছি। আরেকটি কথা- কম কাজ করলে গল্প ও চরিত্র নিয়ে ভাবার অনেক সুযোগ থাকে। বেশি কাজ করার চেয়ে মানসম্মত অল্প কাজ করতে চাই, যাতে করে দর্শকহৃদয়ে জায়গা করে নেওয়া যায়।
শোবিজের অনেক তারকারই আইডল থাকে কিংবা কাউকে অনুসরণ করেন। আপনি কি কাউকে অনুসরণ করেন?
আমি কখনোই কাউকে অনুসরণ করিনি। সব সময় নিজের মতো করে উপস্থাপন করার চেষ্টা করে গেছি। আমার মতে, প্রত্যেক শিল্পীরই ভালো ও খারাপ দিক থাকে। কোনো শিল্পীর কোনো দিক ভালো লাগলে সেটা আয়ত্ত করার চেষ্টা করি। তার ভালো দিকটা নেওয়ার চেষ্টা করি। ব্যস, এটুকুই।
নাচ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয়েছিল। এখন নাচের আয়োজনে কম দেখা যায়, কারণ কী?
নাচের প্রতি ভালো লাগা এখনও আছে; কিন্তু নাচের আয়োজন তো সেভাবে চোখে পড়ে না। জানিনা বিষয়টা কেন এতটা অবহেলিত। তবে যখনই সুযোগ আসে, নাচের কোনো না কোনো আয়োজনে অংশ নিই।
নৃত্যশিল্পী, মডেল, নাকি অভিনেত্রী পরিচয়কে বড় করে দেখেন?
নাচ ও মডেলিং- দুটির প্রতি অসম্ভব ভালো লাগা আছে। তবে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে ভালো লাগে। কারণ শুরুতে যা শখ ছিল, সেই অভিনয় এখন নেশায় পরিণত হয়েছে।


