ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে গত ১ মাসে নারী ও শিশুসহ ৩৭ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ। সর্বশেষ মঙ্গলবার( ১৩ ডিসেম্বর)রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে চাড়ালডাংগা সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশ-ইন করা হয়। বুধবার ভোরে ওই সীমান্তের শিবনগর এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।
১৬,বিজিবি( নওগাঁ ব্যাটালিয়নের) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারা সবাই খুলনা ও যশোর জেলার বাসিন্দা। এরআগে গত বছরের ২৮ ডিসেম্বর ওই সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন করা হয়।
এছাড়া গত বছরের ১৪ ডিসেম্বর একই ইউনিয়নের বিভিষন সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশইন করা হয়। এ বিষয়ে বিজিবি অধিনায়ক বলেন, আটককৃতরা অবৈধভাবে ভারতে গিয়ে তারা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন। এরপর তারা ভারতের বিভিন্ন কারাগারে সাজা ভোগ করেন। সম্প্রতি তাদের সাজার মেয়াদ শেষ হয়। কারাগার থেকে মুক্তি পেলে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে।
বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পুশ-ইন করে। আমরা নিয়মিত পতাকা বৈঠকে তাদের এ কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি।


