ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে চোরাই মালামালসহ কিশোর চোর রাব্বি হোসেনকে (১৩) রবিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। রাব্বি উপজেলা এনায়েতপুর ইউপির কালুশহর (কেশুরগাড়া) গ্রামের এনামুল হোসেনের ছেলে। গত বৃহস্পতিবার রাতে পীরগঞ্জ বাজারের নাদিম টেলিকম এন্ড ভ্যারাইটিজ স্টোরের তালা ভেঙে মালামাল চুরি হয়ে যায়।
এ ব্যাপারে দোকানের মালিক সাফিউল করিম থানায় মামলা করলে পুলিশ সুপারের নির্দেশে মহাদেবপুর থানা টিম সক্রিয় হয়ে ওঠে। পারিপার্শ্বিক পরিস্থিতি সিসি ক্যামেরার ফুটেজ স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ চলতে থাকে। একই সাথে চলতে থাকে তথ্যপ্রযুক্তির বিশ্লেষণ।
মামলার তদন্তকালে বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজন চোরের শীতে ব্যবহৃত টুপি দিয়ে মুখ আচ্ছাদিত ছবি সংগ্রহ করা সম্ভব হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চোর পরিহিত শীতের পোশাক ও টুপির সূত্র ধরে এনায়েতপুরের কালুশহর এলাকার রাব্বি হোসেনের (১৩) সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। রাব্বি হোসেনের বাসায় অভিযান পরিচালনা করে চোরাই পণ্যসহ রাব্বিকে গ্রেফতার করা হয় এবং রাব্বিকে জিজ্ঞাসাবাদে প¦ার্শবর্তী এলাকার এক যুবকের সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
মহাদেবপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#


