ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুর ব্র্যাক অফিস থেকে শুক্রবার দুপুরে নৈশপ্রহরী শাকিব হোসেনের (২৩) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নৈশপ্রহরী শাকিব উপজেলার এনায়েতপুর গ্রামের লিটনের ছেলে।
ব্র্যাক অফিসের ম্যানেজার মফিজুল ইসলাম জানান, নৈশপ্রহরী শাকিব বাড়ি থেকে প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় অফিসে আসেন এবং যথারীতি দায়িত্ব পালন করেন। পরদির শুক্রবার অফিস ছুটি থাকায় অফিসে কোন লোকজন না থাকায় সকালে অফিসের বিশ্রাম রুমে ফ্যানের সঙ্গে দড়ি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পরে শাকিবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে তিনি থানা পুলিশকে খবর দেন। জানা গেছে, প্রায় ৭ মাস আগে শাকিব বিয়ে করেন। তার মৃত্যুটি রহস্যজনক বলেও অনেকে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে নানা গুঞ্জন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোসহ এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি মন্তব্য করেন। #


