ধূমকেতু নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করে। ২৪-এর গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় তাদের নিয়েও কাজ করে। তাদের বিষয়েও আমরা খুব আন্তরিক।
রবিবার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের জন্য প্রয়াত আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অনেক আন্দোলন, সংগ্রাম করেছি। অনেক ত্যাগ ও রক্ত দিয়েছি। বিএনপি ১৮ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে।
গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে। আমরা মুক্তিযোদ্ধা সংসদের কমিটিসহ প্রতিটি ক্ষেত্রেই গণতন্ত্রকে গুরুত্ব দেব।’
তিনি আরো বলেন, ‘আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ায় তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে যাব।
’
২৬ মার্চ জাতীয় দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন নিয়ে আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আমরা সফলভাবে পরিচালনা করতে পারব। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আগামী দিনে কিভাবে সুষ্ঠু ও সফলভাবে চালিত হবে, সে বিষয়ে আমরা পরিকল্পনা করছি। প্রতিটি জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমিটি গণতান্ত্রিকভাবেই হবে।
টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মতবিনিময়সভায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মন্ত্রী আহমেদ আযম খানকে ফুল দিয়ে স্বাগত জানান।


