ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর: নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার বিক্রির চেষ্টার অভিযোগ তুলে অপপ্রচারে লিপ্ত হয়েছে স্থানীয় একটি কুচক্রী মহল।
আজ রবিবার দুপুরে সাংবাদিক পরিচয়ে কয়েকজন সোশাল মিডিয়ায় এ অপপ্রচার চালায়। রবিবার বিকেলে মোল্লাকুড়ি এনসিডিপি মার্কেটে গিয়ে দেখা যায় উপ সহকারি কৃষি কর্মকর্তা অখিল চন্দ্র এবং মোছা. সানজিদা বানুর উপস্থিতিতে স্থানীয় ৩০ জন কৃষক তাদের কৃষি প্রণোদনার সার-বীজ বন্টন করে নিচ্ছেন।
কৃষকরা জানান, গত বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসে উপস্থিত হয়ে এলাকার ৩০ জন কৃষক তাদের নিজ নিজ স্বাক্ষর করে প্রণোদনার সার-বীজ সংগ্রহ করেন। সেদিন সময় অভাবে তারা সেগুলো বন্টন না করে রবিবার বিকেলে বন্টন করে নেয়ার জন্য মোল্লাকুড়ি বাজারে এনসিডিপি মার্কেটে সংরক্ষণ করে রাখে। উপস্থিত কৃষকরা জানান, যেহেতু কৃষি অফিস থেকে ভাগ করে না দিয়ে একসঙ্গে ৫জন কৃষকের সার ও ২জন কৃষকের ধানবীজ দেয়া হয়। তারা সেগুলো নিয়ে এসে সুবিধামত সময়ে ভাগ-বন্টন করে নেন।
বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করতে সাংবাদিক পরিচয়ে স্থানীয় একটি কুচক্রী মহল সেগুলো বিক্রির চেষ্টার অভিযোগ তুলে অপপ্রচার চালায়। এ সময় প্রবীণ কৃষক মো. হায়দার আলী, মো. সেকেন্দার আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েন উদ্দিন, কৃষক মনোয়ারা প্রমূখ এ অপপ্রচারের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, যেহেতু অফিস থেকেই দলগতভাবে প্রণোদনার সার-বীজ বিতরণ করা হয়ে থাকে। সে কারণে কৃষকরা তাদের সুবিধামত সময়ে সেগুলো বন্টন করে নিতেই পারে। এতে তিনি কোন অনিয়ম দেখছেন না।#


