ধূমকেতু নিউজ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে লোহাগড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস সড়কের পাশের একটি গাছে ধাক্কা খায়। পরে সেটি খাদে পড়ে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চলছে। এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধারের চেষ্টা করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা এসে নিহতদের উদ্ধার করেন।
ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ থেকে ৮ জন। আহতদের উদ্ধার করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বিন্দ্র সারা ভিক্ষুক ও লাবরা উম মারমা। অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
জানা গেছে, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শী আব্দুল আউয়াল বলেন, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। সড়কের বাঁকে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারায় এবং গাছে ধাক্কা খেয়ে খাদে পড়ে।
লোহাগাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান বলেন, নিয়ন্ত্রণ হারানো মাইক্রোবাস থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এছাড়া আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে আছি। মাইক্রোবাসটি খাদ থেকে তোলা হয়েছে। হতাহতের সবার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।



